কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক মোস্তফা কামাল
কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক (আইজি প্রিজনস) হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোস্তফা কামাল। একই সঙ্গে কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক পদে নিয়োগ দেওয়া হয়েছে কর্নেল মো. সাইদুল ইসলামকে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ মোস্তফা কামালকে কারা অধিদপ্তরের মহাপরিদর্শক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
একই প্রজ্ঞাপনে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মো. সাইদুল ইসলামকে কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়। তিনি সম্প্রতি লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতি পেয়েছেন।
আরও পড়ুন: নানা চমকে গ্রামগঞ্জে ইউপি নির্বাচনি প্রচার-প্রচারণা জমজমাট
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সশস্ত্র বাহিনীর এই দুই কর্মকর্তাকে প্রেষণে নিয়োগের জন্য তাদের চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত ১৯ আগস্ট কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়। ওই সময় তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছিল।





