টিজারেই ঝড় তুললেন বুবলী (ভিডিও)
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী এবার টালিউডে অভিষেক ঘটাচ্ছেন 'ফ্ল্যাশব্যাক' সিনেমার মাধ্যমে। সিনেমাটির টিজার সম্প্রতি প্রকাশ্যে এসেছে এবং ইতিমধ্যেই দর্শকদের মনে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে 'ফ্ল্যাশব্যাক'র টিজারটি প্রকাশ করেছেন বুবলী নিজেই। ৪৪ সেকেন্ড দৈর্ঘ্যের সেই ভিডিওতে সৌরভ দাস-বুবলী ছাড়াও দেখা গেছে অভিনেতা কৌশিক গাঙ্গুলি ও রজতাভ দত্তকে।
আরও পড়ুন: জানা গেল সালমান খানের ভাইরাল ভিডিওর আসল রহস্য
টিজারের শুরুতেই দেখা যায়, অরণ্যঘেরা পাহাড়ি এক পথ ধরে হেঁটে যাচ্ছেন কৌশিক গাঙ্গুলি। মাথায় কালো রঙের কাউবয় টুপি, গায়ে জাড়ানো ওভারকোট। হাতে ঝুলানো একটি ব্যাগ।
অন্যদিকে কখনও প্রাণবন্ত, আবার কখনও বিষাদগ্রস্ত এক মেজাজে ধরা দিয়েছেন বুবলী। মারকুটে স্বভাবে সৌরভ। তাদেরকে দেখা যায়— বনের ভেতরে দৌড়ে পালাতে, পেছনে কেউ তাড়া করছে। আর রজতাভ যেন কিছুটা চিন্তিত। এছাড়া টিজারে ব্যবহার করা হয়েছে একটি রহস্যজনক মিউজিকও।
আরও পড়ুন: ‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই
'ফ্ল্যাশব্যাক' সিনেমায় জীবনের হারিয়ে যাওয়া ঘটনাকে খুঁজে পাবে দর্শক। সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাসার নির্ঝর। রাশেদ রাহা ও খায়রুল বাসার নির্ঝরের লেখা কাহিনীতে জীবনের অঙ্কপথে ভিন্ন তিনটি চরিত্রের একে অন্যের সঙ্গে দেখা হবে। এতে বুবলী, কৌশিক ও সৌরভের চরিত্রের নাম যথাক্রমে অঞ্জন, ডিকে ও শ্বেতা।
তরুণ নির্মাতা রাশেদ রাহার 'ফ্ল্যাশব্যাক' সিনেমার মাধ্যমেই টালিউডে পা রাখছেন বুবলী। এতে প্রথমবারের মতো এই নায়িকার সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন অভিনেতা সৌরভ। 'ফ্ল্যাশব্যাক'কে সাইকোলজিক্যাল থ্রিলার ধাঁচের সিনেমা বলছেন নির্মাতা রাহা। সিনেমার চিত্রনাট্যও এগিয়েছে পাহাড়ের প্রেক্ষাপটের গল্পে। চলতি বছরই দুই বাংলার বড় পর্দায় 'ফ্ল্যাশব্যাক' মুক্তি দিতে চান নির্মাতা।





