অভিনয় জগতে ১৪ বছর পূর্ণ করলেন সামান্থা

Abid Rayhan Jaki
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ন, ২৬ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ৯:২৮ পূর্বাহ্ন, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু সিনেমায় ১৪ বছর পূর্ণ করেছেন। ২০২৪ সালের ২৬ ফেব্রুয়ারি তার অভিষেক চলচ্চিত্র ‘ইয়ে মায়া চেসাভে’ মুক্তির ১৪ বছর পূর্ণ হয়েছে। এই বিশেষ দিন উপলক্ষে তামিল ও তেলেগু সিনেমায় অভিনীত বছরগুলোর একটি ভিডিও ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন অভিনেত্রী। ভিডিওর সাথে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘১৪ বছর ইতোমধ্যেই! ওয়াহাআআআআ!’

২০১০ সালে গৌতম মেননের পরিচালনায় ‘ইয়ে মায়া চেসাভে’র মাধ্যমে তেলেগু সিনেমায় অভিষেক ঘটে সামান্থার। এই ছবিতে তিনি তার প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের সাথে অভিনয় করেছিলেন।

আরও পড়ুন: যে কারণে অভিনয় ছেড়ে দিতে চেয়েও ছাড়েননি সামান্থা

সামান্থার ১৪ বছর পূর্তিতে শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণের আরেক শীর্ষ অভিনেত্রী নয়নতারা। আসন্ন চলচ্চিত্র ‘কাথুভাকুলা রেন্দু কাধল’এ একসাথে দেখা যাবে এই দুই অভিনেত্রীকে। অন্যদিকে, সামান্থার এই মাইলফলকে উচ্ছ্বসিত তার অনুরাগীরাও। সামাজিক মাধ্যমে একের পর এক সামান্থার ছবি পোস্ট করে জানাচ্ছেন অভিবাদন।

সামান্থাকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালের ‘কুশি’ চলচ্চিত্রে। এরপর থেকেই তিনি ক্যামেরা থেকে দূরে রয়েছেন। বিরল রোগ মায়োসাইটিসের আক্রান্ত হওয়ায় বর্তমানে নিজের স্বাস্থ্যের দিকে মনোনিবেশ করছেন অভিনেত্রী। তবে সম্প্রতি তিনি কাজে ফেরার ঘোষণা দিয়েছেন এবং জানিয়েছেন এখন তিনি সুস্থ আছেন। সামনে পরিচালক রাজ ও ডিকে’র ‘সিটাডেল: ইন্ডিয়া’তে দেখা যাবে সামান্থাকে। এতে আরও অভিনয় করছেন বরুণ ধাওয়ান। অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিরিজটি।

আরও পড়ুন: ভেনিস বিমানবন্দরে অপ্রত্যাশিত ঘটনা, কী ঘটেছিল সুনেরাহর সাথে