অস্ত্রোপচারের পর বিশ্রামে পরীমনি

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪:২২ অপরাহ্ন, ১১ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৬:১১ অপরাহ্ন, ১১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অ্যাপেন্ডিকসের অস্ত্রোপচার করার কারণে শারীরিকভাবে ‘অসুস্থ থাকায়’ আদালতে আসতে পারেননি চিত্রনায়িকা পরীমনি। একারণে সাভারের বোট ক্লাবে মারধর, বিভিন্ন ধরনের হুমকি ও যৌন হয়রানির মামলায় তাকে জেরা হয়নি।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক শাহাদাৎ হোসেন হোসেন ভূঁইয়ার আদালতে পরীমনিকে জেরার দিন ধার্য ছিল মঙ্গলবার। তবে তিনি আদালতে না আসায় জেরার দিন পিছিয়ে আগামী ৯ অগাস্ট ধার্য করা হয়েছে।

আরও পড়ুন: ‘রকস্টার’-এ শাকিবের নায়িকা সাবিলা, গুঞ্জন তুঙ্গে

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) জানান, সম্প্রতি অ্যাপেন্ডিকসের অস্ত্রোপচার করানোর পর চিকিৎসকের পরামর্শে অভিনেত্রী বর্তমানে বিশ্রামে রয়েছেন। এ কারণে তিনি আদালতে হাজির হতে পারেননি। তাঁর পক্ষ থেকে সময়ের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন কারণে এই মামলার জেরা একাধিকবার পিছিয়েছে। গত বছরের সেপ্টেম্বরে সন্তানদের অসুস্থতার কারণে এবং চলতি বছরের মে মাসে আদালতে উপস্থিত হয়েও শুনানির সময় অসুস্থ বোধ করায় জেরা স্থগিত করা হয়েছিল।

আরও পড়ুন: পরীমণিকে ফোনে হত্যার হুমকি, ভিডিও প্রকাশ

২০২১ সালের ৮ জুন সাভারের বোট ক্লাবে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তোলেন পরীমনি। ১৩ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ এনে বিচার দাবি করেন তিনি। পরদিন সাভার মডেল থানায় ব্যবসায়ী নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলমের বিরুদ্ধে মামলা করেন। 

তদন্ত শেষে ২০২১ সালের ৭ সেপ্টেম্বর পুলিশ চার্জশিট জমা দেয়। ২০২২ সালের মে মাসে মামলার বিচার শুরু হয় এবং ২৯ নভেম্বর পরীমনির আংশিক জবানবন্দি গ্রহণের মাধ্যমে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছিল। বর্তমানে মামলার আসামিরা জামিনে রয়েছেন।