বিচ্ছেদ গুঞ্জনের মাঝে ‘ধ্বংস’ শব্দে রহস্য বাড়ালেন মৌনী রায়

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:০৫ অপরাহ্ন, ১৪ মে ২০২৬ | আপডেট: ৪:২৭ অপরাহ্ন, ১৪ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতীয় টেলিভিশন ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়। ‘নাগিন’ সিরিয়ালে শিবণ্যা ও শিবাঙ্গী চরিত্রে অভিনয় করে ঘরে ঘরে পরিচিতি পাওয়া এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে গত কয়েকদিন ধরেই সরগরম বলিপাড়া। স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে তার বিচ্ছেদের গুঞ্জন এখন টক অব দ্য টাউন। এরই মাঝে মৌনী রায়ের একটি রহস্যময় সোশ্যাল মিডিয়া পোস্ট সেই গুঞ্জনের পালে নতুন করে হাওয়া দিয়েছে।

বুধবার (১৩ মে) ছিল মৌনীর বোন রূপালি কাদিয়ানের জন্মদিন। বোনের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের কিছু ছবি শেয়ার করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। তবে সেই শুভেচ্ছা বার্তায় ব্যবহৃত শব্দচয়ন ভাবিয়ে তুলেছে ভক্তদের।

আরও পড়ুন: তিন বিয়ে আর অসংখ্য প্রেম: সঞ্জয় দত্তের জীবনের অজানা সেই রহস্যময়ী নারী কে?

মৌনী লিখেছেন, ধ্বংস হোক বা আনন্দের সময়—আমার বোন সবসময় আমার পাশে। তুমিই আমার সব কিছু। তোমার রসিকতা, বুদ্ধি আর সৌন্দর্য নিয়ে তোমাকে ভালোবাসি। কতটা ভালোবাসি তা ভাষায় বোঝাতে পারব না। জানি, তুমি আমার অনুভূতিগুলো টের পাও।’

আবেগঘন এই বার্তার ভেতরেই অন্য কোনো মানে খুঁজছেন নেটিজেনরা। বিশেষ করে বর্তমান বিচ্ছেদ গুঞ্জনের আবহে ‘ধ্বংস’ (Destruction) শব্দটি ব্যবহারের মাধ্যমে মৌনী কি তার ব্যক্তিগত জীবনের কোনো বিপর্যয়ের দিকেই ইঙ্গিত দিলেন? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সামাজিক মাধ্যমে।

আরও পড়ুন: থালাপতি বিজয়ের শপথের পর তৃষার পোস্টে নতুন জল্পনা, সম্পর্ক নিয়ে ফের চর্চা তুঙ্গে

গুঞ্জনের নেপথ্যে আরও কিছু জোরালো কারণ খুঁজে পেয়েছেন নেটিজেনরা। বোনের জন্মদিনের ছবির কোথাও দেখা মেলেনি স্বামী সুরজ নাম্বিয়ারের। অথচ কিছু দিন আগেও মৌনীর প্রায় প্রতিটি ছবিতেই উজ্জ্বল উপস্থিতি ছিল সুরজের। শুধু তাই নয়, সম্প্রতি লক্ষ্য করা গেছে মৌনী ও সুরজ একে অপরকে সামাজিক মাধ্যমে ‘আনফলো’ করেছেন। এমনকি মৌনীর ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্রী দিশা পাটানিও সুরজকে আনফলো করে দিয়েছেন।

২০২২ সালের জানুয়ারিতে গোয়ায় জমকালো আয়োজনে সুরজ নাম্বিয়ারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মৌনী রায়। বর্তমানে বিচ্ছেদ প্রসঙ্গে সরাসরি মুখ না খুললেও অভিনেত্রীর সাম্প্রতিক কর্মকাণ্ড যেন এক ভাঙনের সুরই জানান দিচ্ছে।