মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত ‘আজও অর্ধাঙ্গিনী’, প্রকাশ হচ্ছে ফার্স্টলুক

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬ | আপডেট: ১১:২৩ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দুই বছর আগে মুক্তি পাওয়া কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘অর্ধাঙ্গিনী’ দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েনের গল্পে কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলী ও জয়া আহসানের অভিনয় বিশেষভাবে আলোচিত হয়। ২০২৩ সালে পশ্চিমবঙ্গের অন্যতম সফল ছবির তালিকায় জায়গা করে নেয় সিনেমাটি।

এরই ধারাবাহিকতায় নির্মিত হয়েছে ছবিটির সিক্যুয়েল ‘আজও অর্ধাঙ্গিনী’। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জানা গেল, আগামী ১০ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। মুক্তি উপলক্ষে প্রচারণার প্রথম ধাপ হিসেবে আজ প্রকাশ করা হবে ছবিটির ফার্স্টলুক।

আরও পড়ুন: জানা গেল সালমান খানের ভাইরাল ভিডিওর আসল রহস্য

নির্মাতা কৌশিক গাঙ্গুলী জানিয়েছেন, প্রথম সিনেমার গল্প যেখানে শেষ হয়েছিল, তার প্রায় দুই বছর পরের সময়কে কেন্দ্র করেই এগিয়েছে নতুন কাহিনি। একটি বিয়ের অনুষ্ঠানে আবার মুখোমুখি হয় গল্পের তিন প্রধান চরিত্র—সুমন, শুভ্রা ও মেঘনা। আগের মতোই অভিনয়ে রয়েছেন জয়া আহসান, কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলী। নতুন সংযোজন হিসেবে দেখা যাবে ইন্দ্রাশিস রায়কে।

কলকাতার গণমাধ্যমকে কৌশিক গাঙ্গুলী বলেন, “তিনটি চরিত্রের অনেক না-জানা কথা এবার সামনে আসবে। মেঘনার সন্তান টিকলি এখন একটু বড় হয়েছে। কিন্তু সে জানে না, সুমনের সন্তান সে নয়। সেই সত্য আরও স্পষ্ট হবে এবার। মূলত বাচ্চাটিকে কেন্দ্র করেই সংকট তৈরি হয়। সেই জায়গায় দুই অর্ধাঙ্গিনীর পথ আবার মিলে যায়।”

আরও পড়ুন: ‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জয়া আহসানও। তিনি বলেন, “ভীষণ পরিণত একটা গল্প রয়েছে ‘অর্ধাঙ্গিনী’-তে। সেই সিনেমার সিক্যুয়েলের অংশ হতে পারা খুব আনন্দের। আগের সিনেমাটি দর্শক আপন করে নিয়েছিলেন। সিক্যুয়েল নিয়েও তাদের অনেক প্রত্যাশা। সেই প্রত্যাশার চেয়ে বাড়তি কিছু ফিরিয়ে দেওয়াই আমাদের চ্যালেঞ্জ।”

সম্পর্ক, পরিবার ও অপ্রকাশিত সত্যের জটিল সমীকরণ নিয়ে নির্মিত ‘আজও অর্ধাঙ্গিনী’ দর্শকদের জন্য নতুন আবেগ ও চমক নিয়ে আসবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।