বাংলাদেশে আসছেন মুফতি তাকি উসমানি

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:১২ অপরাহ্ন, ০১ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:০৫ অপরাহ্ন, ০১ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ সফরে আসছেন মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী আলেম ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি মুফতি মুহাম্মদ তাকি উসমানি। আগামী ২২ নভেম্বর তিনি ঢাকায় পৌঁছাবেন। সফর শেষে ২৮ নভেম্বর তাঁর পাকিস্তানে ফিরে যাওয়ার কথা রয়েছে। রোববার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন রাজধানীর শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক ও শাইখুল হাদিস মুফতি মিজানুর রহমান সাঈদ।

তিনি জানান, আগামী ২২ নভেম্বর রোববার বাদ জোহর রাজধানীর কাওলা নামাপাড়ায় শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ১৫ সালা দস্তারবন্দী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুফতি মুহাম্মদ তাকি উসমানি। এ সম্মেলন ছাড়াও সফরকালে আরো কয়েকটি সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

আরও পড়ুন: বাদাম বিক্রির জীবন থেকে স্কুলের আঙিনায় ৮ বছরের হাসান, পাশে দাঁড়ালেন ডিসি ফরিদা

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের এ সম্মেলনে আরো উপস্থিত থাকার কথা রয়েছে পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা হানিফ জালন্ধরীর। তিনি খাইরুল মাদারিস, মুলতানের মুহতামিম হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মুফতি মুহাম্মদ তাকি উসমানি পাকিস্তানের দারুল উলুম করাচির মহাপরিচালক। ইসলামি ফিকহ, হাদিস ও ইসলামি অর্থনীতি বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে তার পরিচিতি রয়েছে। তিনি পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের সাবেক বিচারপতিও।

আরও পড়ুন: শ্রমিক বিক্ষোভের মধ্যে শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল