যুক্তরাষ্ট্রে নতুন ক্রিকেট স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ন, ০২ জুলাই ২০২৬ | আপডেট: ৩:৩৭ অপরাহ্ন, ০২ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বলিউড সুপারস্টার শাহরুখ খান এবার ক্রিকেটে নিজের বিনিয়োগকে আরও এক ধাপ এগিয়ে নিলেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় উদ্বোধন করেছেন ‘নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড’ নামে একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম। লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স দলের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হবে এই ভেন্যু।

নতুন স্টেডিয়ামটি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পোমোনা শহরের ফেয়ারপ্লেক্স কমপ্লেক্সে অবস্থিত। ক্রিকেটকে যুক্তরাষ্ট্রে আরও জনপ্রিয় করে তোলার উদ্যোগের অংশ হিসেবে এই স্টেডিয়ামকে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন: চারবার বিচ্ছেদের পর ব্রেকআপ নিয়ে জেনিফারের ভিন্ন বার্তা

গত ১ জুলাই এক ভিডিও বার্তায় স্টেডিয়াম উদ্বোধনের খবর জানান শাহরুখ খান। সেখানে তিনি বলেন, “এর শুরুটা হয়েছিল একটি স্বপ্ন দিয়ে। আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। আমাদের নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ডে সবাইকে স্বাগত। এটি শুধু খেলার মাঠ নয়, পরিবার ও বিনোদনেরও একটি জায়গা।”

শাহরুখ খানের মালিকানাধীন নাইট রাইডার্স গ্রুপ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে একাধিক দলের মালিক। ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ কলকাতা নাইট রাইডার্স ছাড়াও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), উইমেন্স ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (ILT20) এবং মেজর লিগ ক্রিকেট (MLC)-এও এই গ্রুপের দল রয়েছে।

আরও পড়ুন: ‘তুমি আমাদের গর্ব’, জয়াকে বললেন চঞ্চল চৌধুরী

জানা গেছে, নতুন স্টেডিয়ামটির পরিচালনার দায়িত্বে থাকবে নাইট রাইডার্স গ্রুপ। তবে স্টেডিয়ামের জমি ও অবকাঠামোর মালিকানা রয়েছে ফেয়ারপ্লেক্স কর্তৃপক্ষের কাছে। দুই প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় ভেন্যুটির পরিচালনা করবে নাইট রাইডার্স গ্রুপ।

শাহরুখ খানের পাশাপাশি নাইট রাইডার্স গ্রুপের অংশীদার হিসেবে রয়েছেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা এবং শিল্পপতি জয় মেহতা।

অন্যদিকে অভিনয়জগতেও ব্যস্ত সময় পার করছেন শাহরুখ খান। বর্তমানে তিনি পরিচালক সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার শুটিং ও অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত। পরিকল্পনা অনুযায়ী, ছবিটি আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। ক্রিকেট ও বিনোদন—দুই ক্ষেত্রেই শাহরুখ খানের এই নতুন উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে তার ব্র্যান্ড উপস্থিতিকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।