অপু-বুবলী আমার জীবনের অংশ, তবে তাদের নিয়ে কিছু বলতে চাই না: শাকিব খান

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ন, ০৮ অগাস্ট ২০২৬ | আপডেট: ৪:৫০ অপরাহ্ন, ০৮ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। বিশেষ করে অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা সময়ে আলোচনা-সমালোচনা হয়েছে। এবার এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গিয়ে সাবেক দুই স্ত্রীকে জীবনের অংশ হিসেবে উল্লেখ করেছেন এই অভিনেতা। তবে তাদের নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি।

সাক্ষাৎকারে নিজের জীবনের বিভিন্ন সিদ্ধান্ত ও অতীত নিয়ে আক্ষেপের প্রসঙ্গে শাকিব খান বলেন, নিভৃতে নিজের সঙ্গে বসলে নানা হিসাব-নিকাশ তাকে পীড়া দেয়। তবে জীবনের অনেক ঘটনা চাইলেও পরিবর্তন করা সম্ভব নয় বলে মনে করেন তিনি।

আরও পড়ুন: জানা গেল সালমান খানের ভাইরাল ভিডিওর আসল রহস্য

শাকিবের ভাষায়, ‘নিভৃতে যখন নিজের সাথে বসি, তখন এই হিসাব-নিকাশগুলো আমাকে পীড়া দেয়। কিন্তু কি আর করব, অনেক কিছু চাইলেও তো চেঞ্জ করা সম্ভব না, হাতে নেই আমাদের। কিন্তু যখন জেনে যাই এটা ভুল, তখন আর জেনে শুনে সেটা আর করা যায় না আর সম্ভাবনা নেই।’

সাক্ষাৎকারের একপর্যায়ে সঞ্চালক ইঙ্গিতে তার দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী প্রসঙ্গ তোলেন। জবাবে শাকিব বলেন, ‘তারা দুজন আমার লাইফের পার্ট। তবে আমি কিছু বলতে চাই না তাদের নিয়ে। আমি বিষয়গুলো নিজের মধ্যেই রাখি।’

আরও পড়ুন: ‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

তাদের সতর্ক করেন কি না—এমন প্রশ্নের উত্তরে অভিনেতা জানান, দেখা হলে মাঝে মাঝে তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে ছড়িয়ে পড়া বিভিন্ন খবর নিয়েও বিরক্তি প্রকাশ করেন শাকিব খান। তার দাবি, বর্তমানে কোনো ঘটনা ঘটার আগেই সেটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে। অনেক সময় এমন সব ঘটনার সঙ্গেও তার নাম জড়িয়ে দেওয়া হয়, যার সঙ্গে তার বাস্তবে কোনো সম্পর্ক নেই।

এসব অতিরঞ্জিত প্রচারের কারণেই তিনি এখন অনেকটা অন্তর্মুখী হয়ে গেছেন বলেও জানান এই অভিনেতা। তার মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ঘটনা অতিরঞ্জিতভাবে ছড়িয়ে পড়লে সেটি ব্যক্তিজীবনেও প্রভাব ফেলে।

অন্যদিকে পেশাগত জীবনে আসন্ন সিনেমা ‘সোলজার’ নিয়ে আশাবাদী শাকিব খান। চলতি বছরের অক্টোবরের দিকে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে বলে জানা গেছে।

জীবনের সামনে থাকা সময়টুকু কীভাবে কাটাতে চান—এমন ভাবনার জায়গা থেকেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন শাকিব। তিনি জানান, জীবনের বাকি সময়টা আনন্দ ও হাসিখুশির মধ্য দিয়ে কাটাতে চান।