বাঁধনকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ সাফা কবির
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তাঁর পরিবারের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় গভীর ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অভিনেত্রী সাফা কবির। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, বাঁধন ও তাঁর পরিবারকে যে পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সাফা কবির বলেন, দেশের বাইরে চলচ্চিত্র উৎসবে নিজের সিনেমা ও দেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া একজন শিল্পীর প্রাপ্য সম্মান ও নিরাপত্তা। সেখানে অপমান, হয়রানি কিংবা আতঙ্কের মুখোমুখি হওয়া কোনোভাবেই কাম্য নয়। কোনো শিল্পীরই এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: শোবিজে নতুন দিগন্তের খোঁজে কনিকা
দেশের শিল্পীদের বারবার রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে জড়িয়ে পড়ার বিষয়টিও তুলে ধরেন সাফা। তাঁর ভাষায়, শিল্পীরা সত্য, ন্যায় ও সাধারণ মানুষের কথা বলবেন—এটাই তাদের স্বাধীনতা। কিন্তু সেই কণ্ঠের কারণে কেন একজন শিল্পীকে বারবার মূল্য দিতে হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।
বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কারণে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও প্রকাশ করেন সাফা কবির। তার মতে, কিছু মানুষের আচরণের দায় পুরো দেশের মানুষকে বহন করতে হওয়া অত্যন্ত দুঃখজনক। এর ফলে বিদেশে সাধারণ বাংলাদেশিদের সম্মান, ভিসা পাওয়া কিংবা চলাচলের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: বাঁধনকে ঘিরে ঘটনায় পিয়া জান্নাতুলের ক্ষোভ
বাঁধনের প্রতি সংহতি জানিয়ে সাফা বলেন, এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়া প্রয়োজন। একই সঙ্গে ঘটনাটি যেন কয়েক দিনের আলোচনার পর হারিয়ে না যায়, সে বিষয়েও সতর্ক করেন তিনি।
সাফা কবির মনে করেন, একজন শিল্পীর নিরাপত্তা, সম্মান ও স্বাধীনতার বিষয়টি শুধু ব্যক্তিগত কোনো ইস্যু নয়; এর সঙ্গে সমাজ, দেশ ও জাতীয় পরিচয়ের প্রশ্নও জড়িত। তাঁর মতে, কোনো শিল্পীর কণ্ঠ, সম্মান ও নিরাপত্তা কখনোই রাজনৈতিক বিরোধের বলি হওয়া উচিত নয়।





