নিজের আঁকা ছবিতে কাকদের বাঁচিয়ে রাখতে চান ভাবনা

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:৩৯ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অভিনয়ের পাশাপাশি নাচ, ছবি আঁকা ও লেখালেখিতেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নিজের আঁকা ছবি ও সৃজনশীল কাজ ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার তার শিল্পে উঠে এসেছে নগরজীবন থেকে হারিয়ে যেতে থাকা কাকের গল্প।

সোমবার (২৬ অক্টোবর) গভীর রাতে নিজের আঁকা কাকের একটি ছবি প্রকাশ করেন ভাবনা। একসময় ঢাকা শহরের অলিগলি, বাড়ির ছাদ কিংবা গাছের ডালে পরিচিত দৃশ্য ছিল কাকের উপস্থিতি। সময়ের সঙ্গে নগরজীবনে এই পাখির উপস্থিতি কমে যাওয়ার বিষয়টি ভাবনার শিল্পে নতুন করে আলোচনায় এসেছে।

আরও পড়ুন: নীরবতা ভাঙলেন রশ্মিকা

কেবল ছবি আঁকার মধ্যেই সীমাবদ্ধ থাকতে চান না অভিনেত্রী। নিজের ছবি, কবিতা ও লেখার মধ্য দিয়ে কাকদের স্মৃতি ও অস্তিত্ব ধরে রাখার প্রত্যয় জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে ভাবনা বলেন, ‘আমার ছবি, আমার কবিতা, আর আমার রেখে যাওয়া প্রতিটি শব্দে কাকেরা চিরকাল বেঁচে থাকবে। আমি তাদের কথা বলে যাব, তাদের ছবি আঁকব, আমার শিল্পে তাদের জন্য জায়গা করে দেব। কারণ আমি তাদের বিশ্বাস করি, তাদের গভীরভাবে ভালোবাসি। আমাদের দুজনের মধ্যকার নীরব ভাষার কোথাও আমি বিশ্বাস করি, তারাও আমাকে ভালোবাসে।’

কাকের প্রতি নিজের মমত্ববোধ প্রকাশের পাশাপাশি তাদের নিরাপদ আবাসের স্বপ্নও দেখেন ভাবনা। এমন একটি শহর কল্পনা করেন তিনি, যেখানে কাকদের বাসস্থান হারানোর ভয় থাকবে না, থাকতে হবে না অবহেলা কিংবা প্রত্যাখ্যানের শঙ্কায়।

আরও পড়ুন: বিয়ে নিয়ে প্রশ্নে বিরক্ত সাফা কবির, জীবনসঙ্গী হিসেবে কেমন মানুষ চান?

নিজের সেই কল্পনার কথা তুলে ধরে ভাবনা বলেন, ‘আমি এমন এক শহরের স্বপ্ন দেখি, যে শহর কেবল কাকদের হবে। যে শহরের আকাশ তাদের, ছাদের কার্নিশগুলো তাদের। যে শহরে তারা নির্ভয়ে বেঁচে থাকতে পারবে, প্রত্যাখ্যাত হওয়ার ভয় ছাড়াই; নিজেদের জন্য একটুখানি জায়গা চেয়ে কাউকে কখনো কিছু বলতে হবে না তাদের।’

ভাবনার এই বক্তব্যে উঠে এসেছে নগরজীবনে পাখিদের অস্তিত্ব, তাদের আবাস এবং মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্কের বিষয়টি। শিল্পের মাধ্যমে কাকদের প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি যেন হারিয়ে যেতে বসা এক পরিচিত নগরবাসীর জন্যও জায়গা করে দিতে চাইছেন।

এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন ভাবনা। সম্প্রতি তানবীর হাসান পরিচালিত ‘যাযাবর’ সিনেমার শুটিং করেছেন তিনি। এতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন আব্দুল নূর সজল ও শহীদুজ্জামান সেলিমসহ অনেকে। এ ছাড়া অভিনেত্রীর হাতে রয়েছে আরও কয়েকটি সিনেমার কাজ।