মা হলেন লেডি গাগা

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯:০১ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:১০ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মার্কিন পপ তারকা লেডি গাগার জীবনে এলো নতুন অধ্যায়। প্রথমবারের মতো মা হয়েছেন জনপ্রিয় এই সংগীতশিল্পী। সম্প্রতি উত্তর ক্যালিফোর্নিয়ায় নবজাতক সন্তানকে কোলে নিয়ে গাগাকে দেখা যাওয়ার পরই বিষয়টি নিয়ে শুরু হয় জোর আলোচনা। পরে সেই মুহূর্তের কয়েকটি ছবি প্রকাশ্যে এলে গাগার মা হওয়ার খবর ছড়িয়ে পড়ে তার ভক্তদের মধ্যে।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পেজ সিক্স জানিয়েছে, দীর্ঘদিনের প্রেমিক ও বাগদত্তা মাইকেল পোলানস্কির সঙ্গে প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন লেডি গাগা। তবে এখনো তাদের সন্তানের নাম, লিঙ্গ কিংবা জন্মের নির্দিষ্ট সময় সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: শাড়িতে মুগ্ধতা ছড়ালেন দীঘি

গাগা ও পোলানস্কির সম্পর্কের শুরু বেশ কয়েক বছর আগে। প্রায় পাঁচ বছর প্রেমের পর ২০২৪ সালের এপ্রিলে তাদের বাগদান হয়। এর আগে করোনাভাইরাস মহামারির সময় মালিবুতে গাগার বাড়িতে দীর্ঘ সময় একসঙ্গে কোয়ারেন্টাইনে ছিলেন তারা। সেই সময়টিই তাদের সম্পর্ককে আরও গভীর করে তোলে।

ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে মহামারির সময়ের সেই দিনগুলোর কথা বলেছিলেন পোলানস্কি। তার ভাষ্য অনুযায়ী, সেই সময়টি ছিল তাদের জীবনের একেবারে স্বাভাবিক ও বিশেষ একটি অধ্যায়। একসঙ্গে হাঁটতে যাওয়া, কফি তৈরি করা, পোষা কুকুরের সঙ্গে সময় কাটানো কিংবা পাশাপাশি বসে বই পড়ার মতো ছোট ছোট বিষয়ই তাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছিল।

আরও পড়ুন: প্রথম দিনেই হতাশ অক্ষয়-সাইফের ‘হাইওয়ান’

সাম্প্রতিক সময়ে অবশ্য ব্যক্তিগত জীবন নিয়ে বেশ গোপনীয়তা বজায় রেখেছেন গাগা ও পোলানস্কি। গত মে মাস থেকেই তাদের খুব একটা প্রকাশ্যে দেখা যায়নি। এমনকি গাগার কনসার্ট ফিল্ম ‘অ্যাপল মিউজিক লাইভ: মেহেম রেকুইয়েম’-এর প্রচারণার সময়ও ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা বলেননি এই তারকা। এর পাশাপাশি পেশাগত জীবনেও ব্যস্ত ছিলেন গাগা। তার ষষ্ঠ স্টুডিও অ্যালবাম ‘মেহেম’ এবং সেটিকে ঘিরে ‘দ্য আর্ট অব পার্সোনাল কেয়াস’ বিশ্ব সফর নিয়ে বেশ ব্যস্ত সময় কাটিয়েছেন তিনি।

তবে ক্যারিয়ারের ব্যস্ততার মধ্যেও মাতৃত্বের স্বপ্ন কখনো গোপন করেননি লেডি গাগা। বহু বছর আগে দেওয়া বিভিন্ন সাক্ষাৎকারে তিনি একাধিকবার জানিয়েছিলেন, ভবিষ্যতে বড় একটি পরিবার গড়তে চান।

২০১৩ সালের এক সাক্ষাৎকারে গাগা বলেছিলেন, তিনি অনেক সন্তান চান এবং অন্তত তিন সন্তানের মা হওয়ার ইচ্ছা রয়েছে তার। পরিবারকে নিজের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও উল্লেখ করেছিলেন এই সংগীতশিল্পী।

তখন গাগা জানিয়েছিলেন, গভীর পারিবারিক বন্ধনের মধ্যেই তার বেড়ে ওঠা। তাই ভবিষ্যৎ জীবনকে একটি স্বাভাবিক পারিবারিক পরিবেশ ছাড়া কল্পনা করা তার পক্ষে কঠিন।


দীর্ঘদিনের সেই ইচ্ছার পর অবশেষে মাতৃত্বের স্বাদ পেলেন লেডি গাগা। যদিও সন্তানকে নিয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি তিনি বা পোলানস্কি। তবে নবজাতককে কোলে নিয়ে গাগার ছবি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যা বইছে।


প্রিয় তারকার জীবনের এই নতুন অধ্যায়ে তাকে অভিনন্দন জানাচ্ছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ভক্তরা। ক্যারিয়ারের পাশাপাশি এবার মা হিসেবে জীবনের নতুন অভিজ্ঞতা কেমন হয়, সেদিকেও আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন গাগার অনুরাগীরা।