মারা গেছেন অভিনেতা মুকুল জামিল

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৬:৫০ অপরাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

থেমে গেল সংগীতশিল্পী ও অভিনেতা মুকুল জামিলের পথচলা। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রোববার রাতে মারা গেছেন তিনি। তাঁর আকস্মিক প্রয়াণে শোক নেমে এসেছে দেশের সংগীত ও অভিনয় অঙ্গনে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে স্মরণ করে শোক প্রকাশ করছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

মুকুল জামিলের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর অভিনয়শিল্পী সংঘও শোক জানিয়েছে। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, তাদের সম্মানিত সদস্য মুকুল জামিলের মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানানো হয়।

আরও পড়ুন: একক কনসার্টে ফের বাপ্পা মজুমদার

সহকর্মী ও সংগীতশিল্পী মিলনও সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় মুকুল জামিলকে স্মরণ করেছেন। তিনি লেখেন, প্রিয় ভাই মুকুল জামিল এভাবে হঠাৎ চলে যাবেন, তা তাঁর জন্য অত্যন্ত কষ্টের। দেখা হলেই মুকুল তাঁকে বুকে জড়িয়ে ধরতেন এবং কপালে চুমু দিতেন বলেও জানান মিলন।

মুকুল জামিলের সঙ্গে কাজের স্মৃতিও তুলে ধরেছেন মিলন। তিনি জানান, মুকুল মূলত সংগীতশিল্পী হলেও তাঁর ‘সেলফি’ গানটির মাধ্যমে প্রথমবার অভিনেতা হিসেবে তাঁকে মজার ছলে মডেল হিসেবে নেওয়া হয়েছিল। এরপর তাঁর আরও বেশ কয়েকটি গানে অভিনয় করেছেন মুকুল জামিল।

আরও পড়ুন: ভারতে পুরস্কৃত বাংলাদেশের দুই সিনেমা

ছোটবেলা থেকেই রবীন্দ্রসংগীতের প্রতি বিশেষ আগ্রহ ছিল মুকুল জামিলের। তাঁর বোনের হাত ধরেই সংগীতের জগতে প্রবেশ করেন তিনি। পরবর্তী সময়ে দীর্ঘ সংগীতজীবনে নিজের আলাদা পরিচিতি তৈরি করেন ক্যারিয়ারে ৩০টিরও বেশি মিক্সড অ্যালবামে কাজ করেছেন মুকুল জামিল। পাশাপাশি প্রকাশিত হয়েছে তাঁর একক অ্যালবাম ‘আমি তো এমনই’। তাঁর গাওয়া বেশ কিছু গান শ্রোতাদের কাছেও প্রশংসিত হয়েছে।

মুকুল জামিলের উল্লেখযোগ্য গানের তালিকায় রয়েছে ‘মন’, ‘আচ্ছা’, ‘বিলবোর্ড’, ‘ভালবাসার মানে’ ও ‘ফাগুনের হাওয়া’। তাঁর ‘চায়ের চুমুকে’ গানটি প্রচারিত হয়েছিল এটিএন বাংলায়।

শুধু গান নয়, অভিনয়েও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন মুকুল জামিল। চলচ্চিত্রেও দেখা গেছে তাঁর উপস্থিতি। ‘ওয়েডিং বেলস’ (২০১৯), ‘আমানুষ’ (২০২২) এবং ‘ছাত্রী বউ’ (২০২৪)–এর মতো সিনেমায় তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন।

সংগীত ও অভিনয়—দুই অঙ্গনেই কাজের মাধ্যমে পরিচিতি পাওয়া মুকুল জামিলের আকস্মিক মৃত্যুতে তাঁর সহকর্মী ও ভক্তদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। তাঁর চলে যাওয়া দুই অঙ্গনের জন্যই তৈরি করেছে অপূরণীয় শূন্যতা।