ক্যাটরিনার বডি শেমিং নিয়ে সরব আলী জাফর

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫:০০ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৬:০৭ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সন্তান জন্মের পর দীর্ঘদিন অনেকটা আড়ালে ছিলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। গত নভেম্বরে স্বামী ভিকি কৌশলের সঙ্গে ছেলে বিহানের জন্মের পর থেকেই জনসমক্ষে তার উপস্থিতি ছিল বেশ সীমিত। সম্প্রতি আম্বানিদের গণপতি উৎসবে ভিকির সঙ্গে ক্যাটরিনার উপস্থিতি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। 

তবে প্রশংসার পাশাপাশি ক্যাটরিনার শারীরিক পরিবর্তন নিয়েও কটাক্ষ করেন অনেকে। সামাজিক মাধ্যমে তার বর্তমান ও গর্ভাবস্থার আগের ছবির তুলনা করে বিভিন্ন মন্তব্য ছড়িয়ে পড়ে। কেউ কেউ তার চেহারা নিয়ে নেতিবাচক মন্তব্যও করেন।

আরও পড়ুন: আসছে চয়নিকা চৌধুরীর বিশেষ নাটক

এ ধরনের বডি শেমিংয়ের বিরুদ্ধে এবার সরব হয়েছেন ক্যাটরিনার ‘মেরে ব্রাদার কি দুলহান’ ছবির সহ-অভিনেতা আলী জাফর। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তিনি নারীর শরীর ও ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের এমন মন্তব্যের সমালোচনা করেন। আলী বলেন, অন্য একজন মানুষ কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, তা বাইরে থেকে বোঝা সম্ভব নয়। তাই কারও চেহারা, শরীর কিংবা জীবনযাপন নিয়ে মন্তব্য করার আগে নিজেদের আচরণ নিয়ে ভাবা উচিত। বিশেষ করে নারীদের ক্ষেত্রে সমাজের তৈরি করা নির্দিষ্ট সৌন্দর্যের মানদণ্ড চাপিয়ে দেওয়ার প্রবণতাকেও তিনি প্রশ্ন করেন।

তিনি আরও বলেন, সময়ের সঙ্গে নারীর শরীর নিয়ে সমাজের সৌন্দর্যবোধও বদলেছে। কখনো ‘জিরো ফিগার’, আবার কখনো নির্দিষ্ট শারীরিক গড়নকে আদর্শ হিসেবে তুলে ধরা হয়েছে। কিন্তু প্রত্যেক মানুষের শরীর ও বাস্তবতা আলাদা। তাই অন্যের শারীরিক পরিবর্তন নিয়ে সমালোচনা না করে মানুষের প্রতি সহানুভূতিশীল ও শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন।

আরও পড়ুন: দাউদের সঙ্গে বিতর্কিত ছবি নিয়ে মুখ খুললেন মন্দাকিনি

আলী জাফরের বক্তব্যের মধ্য দিয়ে ক্যাটরিনাকে ঘিরে চলমান বডি শেমিংয়ের বিষয়টি আবারও আলোচনায় এসেছে। একই সঙ্গে সন্তান জন্মের পর একজন নারীর শারীরিক পরিবর্তনকে স্বাভাবিকভাবে দেখার প্রয়োজনীয়তা নিয়েও সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে।