দেব-শুভশ্রীর নতুন চমক

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:৫০ পূর্বাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

একসময় প্রেমের সম্পর্ক, পরে বিচ্ছেদ—দেব ও শুভশ্রীর গল্প টলিউডে নতুন কিছু নয়। সময়ের সঙ্গে দুজনেই নিজেদের জীবনে এগিয়ে গেছেন, গড়েছেন আলাদা জগৎ। তবে পর্দায় আবারও একসঙ্গে দেখা যেতেই যেন পুরোনো সেই রসায়নের স্মৃতি ফিরে এসেছে। লাদাখের পাহাড়ি সৌন্দর্যের মাঝে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের কয়েকটি ছবি এখন নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে দেব পরিচালিত সিনেমা ‘দেশু ৭’-এর প্রথম গান ‘তোর শুধু তোর’। লাদাখের নয়নাভিরাম লোকেশনে চিত্রায়িত গানটিতে দেব ও শুভশ্রীকে একসঙ্গে দেখা গেছে। পর্দায় তাদের রসায়ন দেখে নস্টালজিয়ায় ভেসেছেন অনেক দর্শক। গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও দুই তারকাকে ঘিরে শুরু হয় নানা আলোচনা।

আরও পড়ুন: মা হলেন সোহিনী সরকার

এর মধ্যেই দেব-শুভশ্রীর বেশ কয়েকটি রোমান্টিক মুহূর্তের ছবি সামনে এসেছে। ছবিগুলোতে কখনো কাছাকাছি, কখনো একে অপরকে জড়িয়ে থাকতে দেখা গেছে তাদের। কিছু ফ্রেমে ছিল চোখে চোখ রাখা, আবার কোথাও ফুটে উঠেছে মায়া ও নির্ভরতার অনুভূতি। ফলে নতুন করে আলোচনায় এসেছে একসময়কার জনপ্রিয় এই জুটি।

ছবিগুলো প্রকাশ করে শুভশ্রী ক্যাপশনে লিখেছেন, ‘তুই ছাড়া না এ জগতে কিছুই আগে না।’ তার এই কথার পর অনুরাগীদের কৌতূহল আরও বেড়েছে। সিনেমার গল্প ও চরিত্রের বাইরেও ক্যাপশনটির মধ্যে কেউ কেউ পুরোনো দিনের ইঙ্গিত খুঁজে নিচ্ছেন। যদিও পোস্টটি সিনেমা সংশ্লিষ্ট নাকি নিছক প্রচারণার অংশ, তা নিয়ে নানা আলোচনা চলছে। 

আরও পড়ুন: ‘ভয়েস অব বাংলাদেশ’ হওয়ার দৌড়ে সেরা ১০ জন

একটি ছবিতে দেখা যায়, শুভশ্রীর কাছাকাছি বসে আছেন দেব। পেছন থেকে দেবকে জড়িয়ে রেখেছেন শুভশ্রী। দেবের পরনে সাদা স্লিভলেস গেঞ্জি, আর শুভশ্রীর পরনে ছিল চকোলেট রঙের বডিফিট পোশাক। দুজনের অভিব্যক্তি ও ক্যামেরার ফ্রেমে তৈরি হয়েছে গম্ভীর অথচ রোমান্টিক এক আবহ।

আরেকটি ছবিতে আরও ঘনিষ্ঠ মুহূর্তে ধরা দিয়েছেন তারা। দেবের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে থাকতে দেখা যায় শুভশ্রীকে। অন্যদিকে দেবের হাত ছিল শুভশ্রীর মুখের কাছে। পুরো দৃশ্যটিতে ছিল আন্তরিকতা, মমতা ও আবেগের ছোঁয়া।

দেব ও শুভশ্রীর সম্পর্কের ইতিহাসও কম আলোচিত নয়। একটা সময় তারা শুধু সিনেমার পর্দায় জুটি ছিলেন না, ব্যক্তিগত সম্পর্কের কারণেও টলিউডে আলোচনার কেন্দ্রে ছিলেন। পরবর্তী সময়ে তাদের সেই সম্পর্কের সমাপ্তি ঘটে এবং দুজনেই নিজেদের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে আলাদা পথে এগিয়ে যান।

তবে পর্দায় ফের একসঙ্গে উপস্থিত হওয়া এবং সাম্প্রতিক রোমান্টিক ছবিগুলো পুরোনো সেই জুটিকে আবারও দর্শকদের আলোচনায় ফিরিয়ে এনেছে।