যে কারণে জায়েদ খানের সহায়তার টাকা নেননি রিফাত চৌধুরী
গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা ও কবি রিফাত চৌধুরী। শারীরিক অসুস্থতার পাশাপাশি চিকিৎসার খরচ নিয়েও সংকটের মধ্যে রয়েছেন তিনি। তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর সহযোগিতার হাত বাড়ানোর ঘোষণা দেন অভিনেতা জায়েদ খান।
তবে জায়েদের পক্ষ থেকে পাঠানো আর্থিক সহায়তা শেষ পর্যন্ত গ্রহণ করেননি রিফাত চৌধুরী। বিষয়টি নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে নানা আলোচনা। রিফাতের অভিযোগ, জায়েদ খান সহায়তার টাকা পাঠানোর কথা জানালেও তা সময়মতো তার হাতে পৌঁছায়নি। এ নিয়ে গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে জায়েদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, জায়েদকে ঘিরে প্রচারিত সহায়তার খবরের সঙ্গে বাস্তবতার মিল নেই।
আরও পড়ুন: নতুন সাজে জয়া আহসান
পরে বিষয়টি জানতে পেরে জায়েদ খান খোঁজ নেন। তার পক্ষ থেকে জানানো হয়, যাঁর মাধ্যমে টাকা পাঠানো হয়েছিল, তিনি সময়মতো তা রিফাতের কাছে পৌঁছে দিতে পারেননি। পরবর্তীতে সেই অর্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে সহায়তার টাকা গ্রহণ করতে অস্বীকৃতি জানান রিফাত চৌধুরী।
এদিকে পা ও কোমরের সমস্যায় ভুগছেন রিফাত। শারীরিক অসুস্থতার কারণে স্বাভাবিকভাবে হাঁটাচলাও করতে পারছেন না তিনি। গত ১৪ তারিখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এই অভিনেতা। প্রথমদিকে ফ্লোরে চিকিৎসা নিলেও পরে তাকে বেড এবং পরবর্তীতে কেবিনে স্থানান্তর করা হয়।
আরও পড়ুন: তারকাদের নিয়ে আসছে নাবিলার ‘লং ড্রাইভ’
সাহিত্য ও অভিনয়—দুই ক্ষেত্রেই দীর্ঘদিনের পথচলা রিফাত চৌধুরীর। আশির দশকে লেখালেখির মাধ্যমে তার সাহিত্যজগতে যাত্রা শুরু। পরে অভিনয়ে যুক্ত হয়ে পাঁচ শতাধিক নাটকে কাজ করেছেন তিনি। ‘হাউসফুল’, ‘এইম ইন লাইফ’, ‘পাটিগণিত’, ‘ফোর টোয়েন্টি’, ‘সিক্সটি নাইন’, ‘বনমানুষ’, ‘বাইসাইকেল’ ও ‘মুড়ির টিন’সহ বিভিন্ন নাটকে অভিনয় করেছেন তিনি।
বিশেষ করে ‘সিক্সটি নাইন’ নাটকের ‘জাতীয় কাকা’ চরিত্রটি তাকে দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি এনে দেয়। বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এই অভিনেতার দ্রুত সুস্থতার প্রত্যাশা করছেন তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।





