২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪২৮
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১,৪২৮ জন শিশু। মৃতদের মধ্যে ৯ জনই ঢাকা বিভাগের বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার (১২ এপ্রিল) সংস্থাটির কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১১৮০
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ শিশুর মধ্যে ৪ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে। বাকি ৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে (সন্দেহজনক)।
এছাড়া নতুন আক্রান্ত ১,৪২৮ জনের মধ্যে ১৫০ জন নিশ্চিতভাবে এবং ১,২৬৮ জন সন্দেহভাজন হিসেবে শনাক্ত হয়েছে।
আরও পড়ুন: হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, এক দিনে আক্রান্ত ১ হাজার ৩১
পরিসংখ্যান অনুযায়ী, রাজধানী ঢাকাসহ ঢাকা বিভাগেই পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় এই বিভাগে ৭০৩ জন শিশু আক্রান্ত হয়েছে এবং প্রাণ হারিয়েছে ৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে নিশ্চিতভাবে হামে ২৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে বা সন্দেহজনক হিসেবে মৃত্যু হয়েছে আরও ১৫১ জন শিশুর। ফলে এক মাসে দেশে হাম ও সংশ্লিষ্ট উপসর্গে মোট ১৭৯ জন শিশুর মৃত্যু হয়েছে।
এ সময়ের মধ্যে সারাদেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২,৬৩৯ জন এবং সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০,২২৫ জনে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কার্যক্রম জোরদার ও সচেতনতা বৃদ্ধি না হলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে।





