এক মাসে হাম ও উপসর্গে ১৯৮ শিশুর মৃত্যু, আক্রান্ত প্রায় ১৩ হাজার
দেশজুড়ে গত এক মাসে হাম ও এর উপসর্গে উল্লেখযোগ্য সংখ্যক শিশুর মৃত্যু ও আক্রান্তের ঘটনা বেড়েছে। এই সময়ে মোট ১৯৮ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ৩২ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে এবং ১৬৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ১৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ে সারা দেশে মোট ১২ হাজার ৩৯৮ শিশু হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে ২ হাজার ৯৭৩ শিশুর শরীরে হাম শনাক্ত করা হয়েছে।
আরও পড়ুন: হামে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৯৮
গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হাম সন্দেহে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৭৬ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এখানে হাম ও হামের উপসর্গে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ১০ হাজার ৩০ শিশু।
আরও পড়ুন: হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু
এরপর রাজশাহী বিভাগে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫৫৬ শিশু এবং মৃত্যু হয়েছে ৬৭ জনের।
অন্যদিকে, রংপুর বিভাগে আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম—৬৪৪ জন। এই বিভাগে গত এক মাসে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে হাম সংক্রমণের এই ঊর্ধ্বগতি জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের কারণ। সময়মতো টিকাদান, সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।





