আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা
রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। বুধবার (৩ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে এই প্রতিবেদন জমা দেওয়া হয়।
গত ২৭ মে ভোরে হাসপাতালের একই ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যু ঘটে, যা ঈদের আগ মুহূর্তে দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৭২
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঘটনাটি তদন্তে গঠিত কমিটি তাদের প্রতিবেদন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর নিকট জমা দিয়েছে। একইসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর গঠিত পৃথক তদন্ত কমিটি আগামীকাল তাদের প্রতিবেদন জমা দেবে।
এ বিষয়ে আগামীকাল দুপুর ৪টায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।
আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
উল্লেখ্য, গত ২৭ মে ভোরে আদ্-দ্বীন হাসপাতালে তিন ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনার পর এক নবজাতকের স্বজন রমনা থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশ, স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালটি পরিদর্শন করেন। পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন অনিয়ম দেখে ক্ষোভ প্রকাশ করেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা না হওয়ায় পরে কমিটি সময় বাড়িয়ে ৩ জুন পর্যন্ত সময় নেয়।
এর আগে হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবেদন প্রকাশের উদ্যোগ নিলেও পরে তা স্থগিত করে। একই ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ অভিযানে হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।





