হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৩১
সারা দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ জন শিশু।
রোববার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম পরিস্থিতি বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: হামের উপসর্গে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৭৩
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারা দেশে মোট ৬৪৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে হামে ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট ৭৩৮ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১০৬ শিশু। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৯২৫ জন। এ সময়ে নতুন করে ৮৭৮ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে ৯০৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
আরও পড়ুন: হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু
অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ৬১৮ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ১২ হাজার ৬৩২ জন। একই সময়ে মোট ৮৮ হাজার ৮৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৮৫ হাজার ১২২ জন ইতোমধ্যে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী হামের টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে র্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছে।





