হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৯ শিশুর শরীরে হামের সংক্রমণ বা উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৪৭ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে এবং ৯২২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৭২
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে সর্বোচ্চ ৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ১ জন করে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, আবহাওয়ার পরিবর্তন এবং শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা কমে যাওয়ায় হামের সংক্রমণ ও উপসর্গের বিস্তার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।
আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৭৮৪
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২০ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৯৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের সরাসরি সংক্রমণে ৯৫ জন এবং বিভিন্ন জটিল উপসর্গে ৬৯৮ শিশুর মৃত্যু হয়েছে।
এ সময়ের মধ্যে দেশে মোট ১৪ হাজার ৫৭৮ শিশুর হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি ১ লাখ ১৮ হাজার ৫৭০ শিশুর শরীরে হামের লক্ষণ বা উপসর্গ পাওয়া গেছে।
এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ১ হাজার ২৬ শিশু দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৯৭ হাজার ৫৩২ শিশু চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর শিশুদের জ্বর, শরীরে ফুসকুড়ি বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।





