টঙ্গীতে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজনের মৃত্যু

Sadek Ali
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৬ | আপডেট: ৬:৪৩ অপরাহ্ন, ২৪ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে ময়মনসিংহের ফুলপুর উপজেলার একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। 

নিহতরা হলেন, লাল চান মিয়া (৬০) ও তাঁর স্ত্রী নাসিমা খাতুন (৫০) এবং তাঁদের ১৬ বছর বয়সী মেয়ে তানিশা আক্তার। তাঁদের বাড়ি ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের কুড়িপাড়া গ্রামে। নিহতদের স্বজনদের বরাতে জানা যায়, টঙ্গীর চেরাগ আলী মুদাফা মাস্টারপাড়া এলাকার ফখরুল ইসলামের বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন গার্মেন্টসকর্মী লাল চান ও তাঁর পরিবার। 

আরও পড়ুন: গাজীপুরে যানজট নিরসনে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনার দাবি

বুধবার (২১ অক্টোবর) ভোরে পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থায় থাকাকালে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে আগুনে দগ্ধ হন একই পরিবারের তিনজন। 

আহতদের আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং দ্রুত তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, বিস্ফোরণে তাঁদের শরীরের ৮৫ থেকে ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন থাকার পর তিনজনেরই মৃত্যু ঘটে।

আরও পড়ুন: ফুটপাত উচ্চেদে অভিযান চললেও নাগরিক সুবিধা নিয়ে প্রশ্ন