সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবায় উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদ সৃষ্টির দাবি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬ | আপডেট: ৬:১৯ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদ সৃষ্টির দাবি জানিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন। সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে রাজধানীর আইএইচটি মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টায় “সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার: রাষ্ট্রের প্রত্যাশা, বাস্তবতা ও করণীয়” শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: হামের উপসর্গে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৭৩

সভায় বক্তারা বলেন, দেশের বিপুল জনগোষ্ঠীর জন্য মানসম্মত, সহজলভ্য ও কার্যকর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা, ইউনিয়ন ও কমিউনিটি পর্যায়ে দক্ষ স্বাস্থ্য জনবল বৃদ্ধি করা প্রয়োজন। বিশেষ করে দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রশিক্ষিত ডিপ্লোমা চিকিৎসা পেশাজীবীদের যথাযথভাবে সম্পৃক্ত করার সুযোগ সৃষ্টি করা জরুরি।

বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থায় ডিপ্লোমা মেডিকেল পেশাজীবীরা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের শিক্ষা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নির্ধারিত কর্মপরিধির আওতায় একটি সুসংগঠিত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কাঠামো গড়ে তোলা হলে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার পরিধি আরও বাড়ানো সম্ভব।

আরও পড়ুন: হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

আলোচনা সভায় স্বাস্থ্যসেবার বর্তমান চাহিদা, জনবল সংকট, তৃণমূল পর্যায়ে চিকিৎসাসেবার বিস্তৃতি, ডিপ্লোমা চিকিৎসা পেশাজীবীদের কর্মক্ষেত্র সম্প্রসারণ এবং সংশ্লিষ্ট নীতিমালা প্রণয়নের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) টি. এস. এম. জিয়াউদ্দিন হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ।

এ ছাড়া অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং সংশ্লিষ্ট পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ ডিপ্লোমা মেডিকেল পেশাজীবীদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা আরও বলেন, সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার রাষ্ট্রীয় লক্ষ্য বাস্তবায়নে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ জন্য প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্ত গ্রহণ, জনবল কাঠামো পুনর্বিন্যাস এবং বাস্তবতার আলোকে নতুন পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া জরুরি।

আলোচনা সভা থেকে তৃণমূল পর্যায়ে জনগণের জন্য মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদ সৃষ্টিসহ প্রয়োজনীয় প্রশাসনিক ও নীতিগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।