হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, এক দিনে আক্রান্ত ১ হাজার ৩১
দেশে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে তিনজন এবং সিলেট বিভাগে দুই শিশুর মৃত্যু রেকর্ড করা হয়েছে। একই সময়ে নতুন করে ৭৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ৯৫৬ জনের মধ্যে হামের প্রাথমিক উপসর্গ দেখা দিয়েছে। সব মিলিয়ে এক দিনে নতুন করে আক্রান্ত ও উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ৩১ জনের। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৭ আগস্ট পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫৫ জনে। তাদের মধ্যে ৮৫৬ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। আর গবেষণাগারে হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ৯৯ জনের।
আরও পড়ুন: হামের উপসর্গে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৭৩
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯৫৬ জনের দেহে হামের প্রাথমিক উপসর্গ ধরা পড়েছে। ফলে গত সাড়ে পাঁচ মাসে দেশে মোট হাম শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৭২৬ জনে। একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৫৩ হাজার ৬৯২ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে রোগীদের চিকিৎসা চলছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ৩৪ হাজার ৪৩৭ জন হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে এ পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
আরও পড়ুন: হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু
স্বাস্থ্যবিদদের মতে, শিশু এবং স্বাস্থ্যঝুঁকিতে থাকা ব্যক্তিদের সুরক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সময়মতো টিকা নিশ্চিত করা জরুরি। এসব পদক্ষেপ কার্যকরভাবে নেওয়া গেলে হামের পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে মনে করছেন তারা।





