ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৮৪

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৮:৪৮ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৪৮৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৬ জনে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৭১

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা এবং একজন রংপুর বিভাগের।

একই সময়ে সবচেয়ে বেশি ২৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন খুলনা বিভাগে। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৯২ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ১৯০ জন, ময়মনসিংহ বিভাগে ৬৪ জন, রাজশাহী বিভাগে ১০২ জন, রংপুর বিভাগে ৩৫ জন এবং সিলেট বিভাগে চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ হাজার ৯২ জন। একই সময়ে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ হাজার ৪০০ জনে।

চলতি সেপ্টেম্বর মাসেও ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বাড়ছে। জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছিল। সেপ্টেম্বরের প্রথম ১৭ দিনেই মারা গেছেন ৭৯ জন।

বছরের শুরু থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। দুই সিটি করপোরেশনসহ এ বিভাগে ৮৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনা বিভাগে ৩২ জন, ময়মনসিংহে ১৮, চট্টগ্রামে ১৬, বরিশালে ১৩, রাজশাহীতে আট, রংপুরে চার এবং সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।