চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:২৩ পূর্বাহ্ন, ০৬ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চিকিৎসাবিজ্ঞানে এ বছরের নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের কার্ল ডেইসেরথ, জার্মানির পিটার হেগম্যান এবং জর্জ নাগেল। আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং ‘অপটোজেনেটিকস’ প্রযুক্তির বিকাশে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়েছে। বাংলাদেশ সময় সোমবার বিকেলে সুইডেনের স্টকহোমে নোবেল কমিটি বিজয়ীদের নাম ঘোষণা করে।

নোবেল কমিটির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, পিটার হেগম্যান ও জর্জ নাগেল ‘চ্যানেলরোডপসিন’ নামে একটি প্রোটিন আবিষ্কার করেন। তারা দেখতে পান, এই প্রোটিন কোনো কোষে প্রবেশ করানো হলে সেটি আলোর প্রতি সংবেদনশীল হয়ে উঠতে পারে।

আরও পড়ুন: স্বামী বেড়াতে না নেওয়ায় বিবাহবিচ্ছেদের আবেদন, যা বলল আদালত

এরপর কার্ল ডেইসেরথ গবেষণাগারে ইঁদুরের স্নায়ুকোষে চ্যানেলরোডপসিনের জিন প্রবেশ করান। ওই কোষগুলোতে নীল আলো প্রয়োগ করে তিনি স্নায়বিক সংকেত চালু বা ট্রিগার করতে সক্ষম হন। পরবর্তী গবেষণায় তিনি দেখান, জীবিত ইঁদুরের মস্তিষ্কেও স্নায়ুকোষের ওপর এই আলো-নিয়ন্ত্রিত ‘সুইচ’ কাজ করতে পারে।

আলো ব্যবহার করে স্নায়ুকোষের সংকেত নিয়ন্ত্রণের এই পদ্ধতিই বর্তমানে ‘অপটোজেনেটিকস’ নামে পরিচিত। পুরস্কার ঘোষণার সময় নোবেল অ্যাসেম্বলি জানায়, এই প্রযুক্তির মাধ্যমে জীবিত মস্তিষ্কে স্নায়ুকোষ কীভাবে স্মৃতি, অনুভূতি ও আচরণ তৈরিতে ভূমিকা রাখে, তা পর্যবেক্ষণের সুযোগ তৈরি হয়েছে। তথ্য অনুযায়ী, এ বছর পর্যন্ত মোট ২৩২ জন ব্যক্তি চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন।

আরও পড়ুন: ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ, নতুন দায়িত্বে হামিদ বোভার্ড

সবচেয়ে কম বয়সে এই পুরস্কার পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন কানাডার ফ্রেডেরিক ব্যান্টিং, যিনি ৩১ বছর বয়সে পুরস্কার পান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পেটন রোস ৮৭ বছর বয়সে এ পুরস্কার পেয়েছিলেন। ২০২৫ সালে ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ নিয়ে আবিষ্কারের জন্য চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের মেরি ই ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং জাপানের শিমন সাকাগুচি।

নোবেল কর্তৃপক্ষ তখন জানিয়েছিল, মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থা নিয়ন্ত্রিত থাকা জরুরি। তা না হলে প্রতিরোধ ব্যবস্থা শরীরের নিজস্ব অঙ্গপ্রত্যঙ্গ ও টিস্যুতে আক্রমণ করতে পারে। তিন বিজ্ঞানীর গবেষণা ক্যানসার ও অটোইমিউন রোগের নতুন চিকিৎসা উদ্ভাবনের পথ তৈরি করেছে বলে জানানো হয়েছিল।

চলতি বছরের নোবেল পুরস্কারের ঘোষণার সূচি অনুযায়ী, মঙ্গলবার পদার্থবিজ্ঞান এবং বুধবার রসায়নে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। বৃহস্পতিবার সাহিত্যে এবং শুক্রবার শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। আর ১৩ অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কারের বিজয়ীর নাম জানানো হবে।

প্রতিটি পুরস্কারের সঙ্গে একটি করে ডিপ্লোমা, স্বর্ণপদক এবং প্রায় ১২ লাখ মার্কিন ডলারের অর্থ দেওয়া হয়। কোনো বিভাগে একাধিক বিজয়ী থাকলে পুরস্কারের অর্থ তাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। মানবতার জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি বয়ে আনা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। পুরস্কারটি প্রতিষ্ঠিত হয় উদ্ভাবক ও শিল্পপতি আলফ্রেড নোবেলের ইচ্ছা অনুযায়ী।