দক্ষিণ জাপানে শক্তিশালী ভূমিকম্প, শপিংমলে বহু হতাহতের আশঙ্কা

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ন, ২৮ জুলাই ২০২৬ | আপডেট: ৩:২৬ পূর্বাহ্ন, ২৯ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ভবন ধসে পড়া, অগ্নিকাণ্ড এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ভূমিকম্পে একটি শপিংমলে বহু মানুষ আটকা পড়েছেন এবং সেখানে উল্লেখযোগ্য সংখ্যক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (২৮ জুলাই জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানান, শক্তিশালী ভূমিকম্পে বিভিন্ন ভবন ধসে পড়েছে এবং একাধিক স্থানে আগুন লেগেছে।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের খবরে বলা হয়েছে, অন্তত ৫০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় জরুরি সেবা বিভাগ জানিয়েছে, কাশিমা শহরের একটি ক্ষতিগ্রস্ত শপিংমলের ভেতরে অনেক মানুষ আটকা পড়েছেন।

স্থানীয় পুলিশের একটি সূত্র সিবিএস নিউজের সহযোগী নেটওয়ার্ক টিবিএসকে জানিয়েছে, শপিংমলটিতে ‘অনেক মানুষের মৃত্যু হয়েছে’ বলে ধারণা করা হচ্ছে। তবে নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত করতে আরও সময় লাগবে।

আরও পড়ুন: গাজী নজরুলের এমপি পদে সিদ্ধান্ত স্পিকারের রেফারেন্স পেলেই: সিইসি

এনএইচকের প্রচারিত ভিডিওতে একাধিক স্থানে আগুন, ক্ষতিগ্রস্ত সেতু, লাইনচ্যুত একটি মালবাহী ট্রেন এবং ফেটে যাওয়া সড়কের দৃশ্য দেখা গেছে। এছাড়া অন্তত ১২টি বাড়ি ধসে পড়ার খবরও দিয়েছে সম্প্রচারমাধ্যমটি।

জাপানের আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ১। জাপানের ভূমিকম্পের তীব্রতা পরিমাপক শিন্ডো স্কেলে এটি সর্বোচ্চ ৭ মাত্রায় অনুভূত হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৮ বলে জানিয়েছে।

জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। প্রতিবছর শত শত ভূমিকম্প হলেও বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলোতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় না। তবে এবারের ভূমিকম্পে উল্লেখযোগ্য প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: সিবিএস