সিয়াটলে স্পেস নিডলের কাছে বন্দুক হামলা, নিহত ২

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২:১৬ অপরাহ্ন, ২৭ জুলাই ২০২৬ | আপডেট: ২:১৬ অপরাহ্ন, ২৭ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরে বিখ্যাত স্পেস নিডল পর্যবেক্ষণ টাওয়ারের কাছে বন্দুক হামলায় অন্তত দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) স্থানীয় সময় এ ঘটনা ঘটে।

বিবিসি ও এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সিয়াটল পুলিশ ধারণা করছে, ঘটনায় একাধিক বন্দুকধারী জড়িত থাকতে পারে। তবে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

আরও পড়ুন: হরমুজ প্রণালিতে ৬ জাহাজকে বাধা দেওয়ার দাবি ইরানের

স্থানীয় অগ্নিনির্বাপক বিভাগ জানায়, ঘটনাস্থলেই দুইজনকে মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে দুই বছর বয়সী একটি শিশু রয়েছে। তাকে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ৫৬ বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। আরেকজন আহত ব্যক্তি সামান্য আঘাত পাওয়ায় হাসপাতালে ভর্তি হননি। অন্য আহতদের শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে সিয়াটল পুলিশ জানায়, সিয়াটল সেন্টার এলাকায় গুলির ঘটনার পর পুরো এলাকা ঘিরে তদন্ত শুরু করা হয়েছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও তথ্য জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: ইরানি জাহাজে হামলার জবাব দেওয়া হবে, ইউক্রেনকে হুঁশিয়ারি আরাগচির

ঘটনার সময় সিয়াটল সেন্টারে বাইট অব সিয়াটল’ নামে জনপ্রিয় একটি খাবার উৎসব চলছিল। সপ্তাহান্তের এ আয়োজনে শত শত খাবারের স্টল এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার ব্যবস্থা ছিল। এ কারণে এলাকায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ছিল বলে জানা গেছে।