সমঝোতা লঙ্ঘন করলে ‘দ্রুত ও চূড়ান্ত’ জবাবের হুঁশিয়ারি ইরানের

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:১০ অপরাহ্ন, ২৭ জুন ২০২৬ | আপডেট: ১১:৫৩ অপরাহ্ন, ২৭ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্র ইরান-মার্কিন সমঝোতা স্মারকের কোনো শর্ত লঙ্ঘন করলে তার জবাব হবে ‘দ্রুত ও চূড়ান্ত’—এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই।

শনিবার (২৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজাই দাবি করেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের মিত্র ও প্রক্সি বাহিনীকে সমর্থন দিয়ে সমঝোতার প্রথম অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়ানোর মাধ্যমে চুক্তির পঞ্চম অনুচ্ছেদও ভঙ্গ করেছে বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন: হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, তদন্তে নেমেছে কর্তৃপক্ষ

ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর এ প্রতিক্রিয়া আসে। রেজাই বলেন, সমঝোতা স্মারকের যেকোনো ধারা লঙ্ঘনের ক্ষেত্রে ইরান দ্রুত ও কঠোর জবাব দিতে প্রস্তুত।

এর আগে হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যুদ্ধবিরতি চুক্তি ‘মূর্খতাপূর্ণভাবে লঙ্ঘনের’ অভিযোগে অভিযুক্ত করেন। এর পরপরই মার্কিন বাহিনী ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

আরও পড়ুন: মার্কিন স্থাপনায় পাল্টা হামলা চালাল ইরান

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বৃহস্পতিবার পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার জবাবে শুক্রবার ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনায় হামলা চালানো হয়েছে। এ হামলার কারণে ওই অঞ্চলে আটকে পড়া নাবিকদের উদ্ধার অভিযানও সাময়িকভাবে স্থগিত করা হয়।

অন্যদিকে তেহরানের দাবি, পারস্য উপসাগরের জলপথে অননুমোদিতভাবে চলাচলের কারণে সংশ্লিষ্ট পণ্যবাহী জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

মার্কিন হামলার পর ইরানও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে। একই সঙ্গে দেশটি দাবি করেছে, তারা মার্কিন বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট কিছু লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অভিযোগ ও সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। উভয় পক্ষই একে অপরকে চুক্তি লঙ্ঘনের জন্য দায়ী করছে, যা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল