শিগগিরই চালু হতে পারে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ন, ০২ জুলাই ২০২৬ | আপডেট: ১১:৫৮ অপরাহ্ন, ০২ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে পুনরায় আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নিউ জলপাইগুড়ি-ঢাকা রুটের মিতালী এক্সপ্রেস শিগগিরই আবার চালু হতে পারে বলে ভারতীয় সংবাদমাধ্যম জি-২৪-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে বাংলাদেশ ও ভারতের রেলওয়ে কর্মকর্তাদের মধ্যে ইতোমধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ট্রেনটি পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং বিষয়টি এখন ভারতীয় রেল মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

আরও পড়ুন: মেক্সিকোর পশ্চিম উপকূলে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ট্রেন চলাচল পুনরায় শুরু করার আগে রেললাইনের নিরাপত্তা পরীক্ষা এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রস্তুতির অধিকাংশ কাজ শেষ হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী কয়েক দিনের মধ্যেই ট্রেনের সময়সূচি এবং টিকিট বুকিংয়ের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

২০২৪ সালের জুলাই-আগস্টের রাজনৈতিক পরিস্থিতির পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তদেশীয় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর থেকে দুই দেশের মধ্যে যাত্রীবাহী রেল যোগাযোগ স্থগিত রয়েছে।

আরও পড়ুন: ভারতীয় ভূখণ্ডে ঢুকে কৃষিজমির একটি বড় অংশ দখলে নিলো চীনা সেনাবাহিনী

এদিকে, সম্প্রতি বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত পুনরায় টুরিস্ট ভিসা প্রদান শুরু করেছে। সংশ্লিষ্ট মহলের ধারণা, ভিসা কার্যক্রম স্বাভাবিক হওয়ার ধারাবাহিকতায় পর্যায়ক্রমে মিতালী এক্সপ্রেস ছাড়াও মৈত্রী এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচলও পুনরায় চালু হতে পারে।

তবে ট্রেন চালুর নির্দিষ্ট তারিখ বা সময়সূচি এখনও দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।

সূত্র: জি-২৪।