খেলা দেখা নিয়ে তর্ক, চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

Sadek Ali
আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ন, ০২ জুলাই ২০২৬ | আপডেট: ১:০৭ পূর্বাহ্ন, ০৩ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেটের জকিগঞ্জ উপজেলায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় তর্কাতর্কির জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে।

বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার খলাছড়া ইউনিয়নের লামারগ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ফেনী চেম্বার নির্বাচনে বিজয়ী সাব্বির-জুয়েলকে সংবর্ধনা

নিহত আলম আহমদ (২৮) ওই গ্রামের ওয়ারিছ আলীর ছেলে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন। গ্রেপ্তার হওয়া পারভেজ আহমদ (৩২) একই গ্রামের মোস্তকিন আলীর ছেলে। তিনি নিহতের চাচাতো ভাই।

পুলিশ জানায়, বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে আলম আহমদ ও পারভেজ আহমদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, এ সময় পারভেজ ধারালো ছুরি দিয়ে আলমকে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

আরও পড়ুন: যত্রতত্র ময়লা না ফেলার প্রতিজ্ঞা সবার হওয়া উচিত: সিডিএ চেয়ারম্যান

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আলম আহমদকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে জকিগঞ্জ থানা-পুলিশ অভিযান চালিয়ে খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামে তাঁর নানাবাড়ি থেকে অভিযুক্ত পারভেজ আহমদকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ফুটবল খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে দুই চাচাতো ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। সেই বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।