পাকিস্তান পুলিশের ৬ সদস্যকে গুলি করে হত্যা

Shakil
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫১ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২২ | আপডেট: ১০:৪২ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২২
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানে ৬ পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। গাড়ি নিয়ে রাস্তায় টহল দেওয়ার সময় সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান তারা।

বুধবার (১৬ নভেম্বর) পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশে এই ঘটনা ঘটে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

আরও পড়ুন: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

প্রতিবেদনে বলা হয়েছে, খাইবার-পাখতুনখোয়া (কেপি) প্রদেশের লাকি মারওয়াত এলাকায় অজ্ঞাত বন্দুকধারীরা টহলরত পুলিশের একটি গাড়িতে হামলার পর বুধবার অন্তত ছয় পুলিশ সদস্য নিহত হয়েছেন। পুলিশের মুখপাত্রের মতে, খাইবার-পাখতুনখোয়া প্রদেশের চৌকি আব্বাসি এলাকায় হামলার এই ঘটনা ঘটে এবং নিহতরা একটি পুলিশ ভ্যানে সেখানে রুটিন টহলে নিযুক্ত ছিলেন।

নিহত পুলিশ সদস্যদের মধ্যে একজন হচ্ছেন এএসআই আলম দ্বীন। এছাড়া অন্য পাঁচ কনস্টেবল হলেন: পারভেজ, মাহমুদ, দিল জান, উবায়দুল্লাহ আহমেদ এবং নওয়াজ। এই ঘটনার পর এলাকায় আরও পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পুলিশ ভ্যানে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছেন এবং নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি বলেছেন, পুলিশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে অগ্রগামী হিসাবে গর্বিত ভূমিকা পালন করেছে।

তিনি আরও বলেন, মাতৃভূমির জন্য জীবন উৎসর্গকারী সন্তানদের জাতি স্যালুট জানায়। সন্ত্রাসীরা পাকিস্তানের শত্রু, সমগ্র পাকিস্তান সন্ত্রাসের বিরুদ্ধে শক্তিশালী প্রাচীর হয়ে থাকবে।

শেহবাজ আরও বলেন, প্রাদেশিক সরকারের উচিত মৃতদের সম্মান ও শহীদ হিসেবে সুযোগ-সুবিধা দেওয়া।

এদিকে খাইবার-পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী মেহমুদ খান এই ঘটনা আমলে নিয়েছেন এবং পুলিশের আইজির কাছে প্রতিবেদন চেয়েছেন। এছাড়াও তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।