মার্কিন সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শরিফুল এম খান

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৫ | আপডেট: ১০:১৯ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশি বংশোদ্ভূত শরিফুল এম খান ইতিহাস গড়েছেন মার্কিন সামরিক বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেয়ে। মার্কিন সামরিক ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি এ মর্যাদাপূর্ণ পদে উন্নীত হলেন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনে ৫৫ জন সামরিক কর্মকর্তাকে ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন শরিফুল এম খানও। সম্প্রতি পেন্টাগনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করানো হয়। মার্কিন বিমানবাহিনীর ভাইস চিফ, জেনারেল শন ব্র্যাটোন, নিজে শরিফুল খানকে শপথ বাক্য পাঠ করান।

আরও পড়ুন: ইরানের বন্দর অবরোধ নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি তেহরানের

ব্রিগেডিয়ার জেনারেল শরিফুল খান বর্তমানে ‘গোল্ডেন ডোম ফর আমেরিকা’-এর স্টাফ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

শরিফুল খানের এই অভাবনীয় অর্জন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির মধ্যে গর্ব ও অনুপ্রেরণার জন্ম দিয়েছে। সাবেক মার্কিন রাষ্ট্রদূত এম. ওসমান সিদ্দিক সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বার্তায় শরিফুলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “বাংলাদেশে জন্ম নেওয়া প্রথম ব্যক্তি হিসেবে তিনি এই সম্মান অর্জন করেছেন—এটি আমাদের সকলের জন্য এক গর্বের মুহূর্ত।” তিনি শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়েও আনন্দ প্রকাশ করেন।

আরও পড়ুন: হাসিনার কর্মকাণ্ডে বাংলাদেশ-ভারত সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে: ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির

শরিফুল খান ১৯৯৭ সালে ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স একাডেমি থেকে পলিটিক্যাল সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ওয়েবস্টার ইউনিভার্সিটি, ন্যাশনাল ডিফেন্স ইন্টেলিজেন্স কলেজ, স্কুল অব অ্যাডভান্সড এয়ার অ্যান্ড স্পেস স্টাডিজ, নেভাল ওয়ার কলেজ, এমআইটি ও জর্জটাউন বিশ্ববিদ্যালয়সহ একাধিক সামরিক ও বেসামরিক শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেন।

তার কর্মজীবনও অত্যন্ত বৈচিত্র্যময় ও গৌরবময়। তিনি মহাকাশ নিয়ন্ত্রণ, স্যাটেলাইট অপারেশন, স্পেস সিস্টেম উন্নয়ন, লঞ্চ ও ন্যাশনাল রিকনাইসেন্স অফিসে স্যাটেলাইট অপারেটর হিসেবে কাজ করেছেন। ২০০১ সালে তিনি কুয়েতের আলি আল সালেম বিমান ঘাঁটিতে মোতায়েন হন।

শরিফুল খানের এই অভূতপূর্ব অর্জন ভবিষ্যৎ প্রজন্মের বাংলাদেশি-আমেরিকানদের জন্য এক অসাধারণ অনুপ্রেরণা হয়ে থাকবে।