ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলা
ভারতের রাজধানী দিল্লিতে বিস্ফোরণের ঘটনার রেশ কাটতে না কাটতেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ভয়াবহ বোমা হামলা সংঘটিত হয়েছে। দেশটির রাজধানীতে মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত এবং আরও অন্তত ২১ জন আহত হয়েছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।
আরও পড়ুন: ১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফেরা নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ইসলামাবাদে আদালত ভবন (কাচেহরি) সংলগ্ন একটি যাত্রীবাহী গাড়িতে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলটি ছিল ব্যস্ত এলাকা, যেখানে সাধারণ মানুষ, আইনজীবী এবং মামলার পক্ষের লোকজন উপস্থিত ছিলেন। বিস্ফোরণের পর আদালত ভবন দ্রুত খালি করা হয় এবং সমস্ত আদালতের কার্যক্রম স্থগিত করা হয়।
আরও পড়ুন: বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের
ইসলামাবাদ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, প্রধান কমিশনার এবং ফরেনসিক টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আহত এবং নিহতদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে পাঠানোর জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে রেখেছে এবং তদন্ত শুরু করেছে।





