তালেবান মুখপাত্রের হুঁশিয়ারি

আলোচনায় প্রস্তুত, তবে যুদ্ধ চললে ‘জবাব’ দেবে কাবুল

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫:১৮ পূর্বাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ২:০৪ অপরাহ্ন, ০১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র  জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, চলমান সংঘাত বন্ধে তারা আলোচনার পথেই সমাধান চান। তবে পাকিস্তান যদি সামরিক পদক্ষেপ অব্যাহত রাখে, তাহলে কাবুলও পাল্টা প্রতিক্রিয়া জানাবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে মুজাহিদ দাবি করেন, “আমরা শান্তিপূর্ণ সমাধান চাই এবং আলোচনা করতে প্রস্তুত। কিন্তু পাকিস্তান আগ্রহ দেখায়নি।” তিনি আরও বলেন, আফগান বাহিনী পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে—এটি একটি ‘স্পষ্ট বার্তা’।

আরও পড়ুন: ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৪

আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ

মুজাহিদ অভিযোগ করেন, আফগান আকাশসীমায় পাকিস্তানের গোয়েন্দা বিমান উড়তে দেখা গেছে। তার ভাষ্য অনুযায়ী, এসব তৎপরতা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলছে। একইসঙ্গে তিনি দাবি করেন, পাকিস্তানি সেনাবাহিনীর একটি অংশ আঞ্চলিক অস্থিতিশীলতার জন্য দায়ী।

আরও পড়ুন: পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

টিটিপি ইস্যুতে পাল্টাপাল্টি অভিযোগ

পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, (টিটিপি)–কে আফগান তালেবান সরকার সমর্থন দিচ্ছে। এই অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি পাকিস্তান আফগান ভূখণ্ডে বিমান হামলা চালায় বলে জানা যায়। এর জবাবে আফগান বাহিনী পাকিস্তানি সেনাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে বলে দাবি কাবুলের।

তবে মুজাহিদ টিটিপি ইস্যুকে ‘অজুহাত’ আখ্যা দিয়ে বলেন, এই বিষয়টি সামনে এনে পাকিস্তান অঞ্চলকে অস্থিতিশীল করছে।

 ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে বক্তব্য

ইন্ডিয়ার সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক ভালো উল্লেখ করে তালেবান মুখপাত্র বলেন, এ সম্পর্ক কোনোভাবেই পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে না। আঞ্চলিক ভারসাম্য বজায় রাখার কথাও তুলে ধরেন তিনি।

‘শয়তানি’ করলে জবাবের হুঁশিয়ারি

মুজাহিদ সতর্ক করে বলেন, পাকিস্তান যদি উসকানিমূলক পদক্ষেপ নেয়, তার ‘উপযুক্ত জবাব’ দেওয়া হবে। তবে একইসঙ্গে তিনি পুনরায় আলোচনার আহ্বান জানান এবং উত্তেজনা প্রশমনে কূটনৈতিক পথকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন।