সোমবার আবারও বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র–ইরান

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ন, ১৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:২৮ পূর্বাহ্ন, ১৮ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বেশ কয়েকদিন ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে সোমবার (২০ এপ্রিল) আবারও দ্বিপাক্ষিক বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। আলোচনা সম্পর্কে অবগত ইরানি কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।

প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের প্রতিনিধিদল রোববারই পাকিস্তানে পৌঁছাবে এবং সোমবার আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হবে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের

এর আগে গত শনিবার ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ নেতৃত্ব দেন। দীর্ঘ আলোচনার পরও কোনো অগ্রগতি না হওয়ায় পরে পাকিস্তানের মধ্যস্থতায় আবার আলোচনায় বসতে সম্মত হয় দুই পক্ষ।

পাকিস্তানের সরকারি সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার থেকে দুই দেশকে আলোচনার টেবিলে ফেরাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়। বর্তমানে দুই দেশের মধ্যে ১৪ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর থাকায় নতুন সংলাপের সুযোগ তৈরি হয়েছে।

আরও পড়ুন: এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা’

আসন্ন বৈঠককে ঘিরে ইসলামাবাদ ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অন্যান্য প্রদেশ থেকে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে।

এর আগে টানা ৪০ দিনের সংঘাতের পর ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়। পরে ১১ এপ্রিল ইসলামাবাদে প্রায় ২১ ঘণ্টাব্যাপী আলোচনা হলেও কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই তা শেষ হয়।

বিশ্লেষকদের মতে, নতুন এই বৈঠক সম্ভাব্য স্থায়ী শান্তিচুক্তির পথে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।