মার্কিন অবরোধ এড়িয়ে ১৯ লাখ ব্যারেল তেল নিয়ে এশিয়ায় পৌঁছাল ইরানি ট্যাংকার

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:১৮ অপরাহ্ন, ০৩ মে ২০২৬ | আপডেট: ১:১৮ অপরাহ্ন, ০৩ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এড়িয়ে ১৯ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল নিয়ে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পৌঁছেছে ইরানর একটি বিশাল তেলবাহী জাহাজ (ভিএলসিসি)।

জাহাজ পর্যবেক্ষণকারী সংস্থা ট্র্যাকার্স ডটকম এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৪

সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির মালিকানাধীন ‘হিউজ’ নামের জাহাজটিতে থাকা তেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ কোটি মার্কিন ডলার। জাহাজটি সর্বশেষ এক সপ্তাহ আগে শ্রীলঙ্কার উপকূলে দেখা গিয়েছিল। বর্তমানে এটি লম্বক প্রণালি হয়ে রিয়াউ দ্বীপপুঞ্জর দিকে অগ্রসর হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, গত ১৩ এপ্রিল যখন মার্কিন নৌবাহিনী ইরানি বন্দরে অবরোধের ঘোষণা দেয়, তখন জাহাজটি ইরানের জলসীমায় অবস্থান করছিল। এর আগে ২০ মার্চ মালাক্কা প্রণালি থেকে ইরানের উদ্দেশে যাত্রা শুরুর পর থেকেই জাহাজটির স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা (এআইএস) বন্ধ রাখা হয়।

আরও পড়ুন: পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

এর আগে গত ২৯ এপ্রিল ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছিল, অন্তত ৫২টি ইরানি জাহাজ মার্কিন অবরোধ ভেঙে চলাচল করতে সক্ষম হয়েছে। অন্যদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, অবরোধ শুরুর পর থেকে তারা ইরান-সংশ্লিষ্ট প্রায় ৪১টি জাহাজকে গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে।

মার্কিন কর্মকর্তাদের দাবি, এ অবরোধ কার্যকর রয়েছে এবং এর ফলে ইরান বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। তাদের মতে, তেল রপ্তানিতে বাধা সৃষ্টি হওয়ায় ইরানকে মজুত বাড়াতে হচ্ছে এবং ধারণক্ষমতা পূর্ণ হলে উৎপাদনও বন্ধ হয়ে যেতে পারে।