ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শেষ: শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র, বললেন রুবিও

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ন, ০৬ মে ২০২৬ | আপডেট: ৮:০০ অপরাহ্ন, ০৬ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানে পরিচালিত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শেষ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রশ্নের জবাবে রুবিও বলেন, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই অভিযান নির্ধারিত লক্ষ্য পূরণ করেই শেষ করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। তিনি বলেন, “ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শেষ হয়েছে। আমরা যে উদ্দেশ্যে অভিযান শুরু করেছিলাম, তা অর্জন করতে পেরেছি।”

রুবিও আরও জানান, বর্তমানে যুক্তরাষ্ট্র ‘প্রজেক্ট ফ্রিডম’ নিয়ে কাজ করছে। তবে ইরানে নতুন করে কোনো সামরিক অভিযান চালানোর পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করেন তিনি।

আরও পড়ুন: সমঝোতার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র-ইরান, উত্তেজনা কমার আভাস

এ প্রসঙ্গে তিনি বলেন, “ইরান ইস্যুতে নতুন কোনো পরিস্থিতি তৈরি হোক তা আমরা চাই না। আমরা শান্তির পথই পছন্দ করি। আমাদের প্রেসিডেন্ট একটি চুক্তি চান। তিনি চান হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে খুলে দেওয়া হোক, যাতে বৈশ্বিক পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে।”

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও মন্তব্য করেন রুবিও। তিনি বলেন, এ বিষয়ে বিদ্যমান প্রশ্নগুলোর সমাধান সামরিক নয়, বরং আলোচনার মাধ্যমেই করা হবে।

আরও পড়ুন: যুদ্ধবিরতির আগেই ইউক্রেনে রুশ হামলায় নিহত ২৬