নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক আজ, দপ্তর বণ্টন ও প্রশাসনিক পরিকল্পনায় গুরুত্ব
শপথ নেওয়ার পর প্রথমবারের মতো নতুন মন্ত্রিসভার বৈঠকে বসতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার (১১ মে) রাজ্য সচিবালয় নবান্নে অনুষ্ঠিত হতে যাওয়া এ বৈঠকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন ও প্রশাসনিক দায়িত্ব চূড়ান্ত করা হবে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৈঠকের প্রধান আলোচ্যসূচিতে রয়েছে সদ্য শপথ নেওয়া মন্ত্রীদের দায়িত্ব বণ্টন, প্রশাসনিক কার্যক্রম নির্ধারণ এবং সরকারের প্রাথমিক কর্মপরিকল্পনা। এই বৈঠকের মাধ্যমেই নতুন সরকারের অগ্রাধিকার ও প্রশাসনিক দিকনির্দেশনা স্পষ্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ১ লাখে পৌঁছাতে পারে: ইউএসজিএস
গত শনিবার (৯ মে) শপথ গ্রহণের পর পশ্চিমবঙ্গকে নতুনভাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার প্রথম প্রশাসনিক বৈঠককে ঘিরে ইতোমধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নবান্ন ও আশপাশের এলাকায় টহল বাড়িয়েছে কলকাতা পুলিশ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেছেন।
এদিকে, শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত নিশান কোম্পানির একটি গাড়ি ঝাড়খন্ড থেকে আনা হয়েছিল। এ ঘটনায় জড়িত সন্দেহভাজনদের খুঁজতে উত্তর প্রদেশে গেছে পুলিশের একটি বিশেষ দল।
আরও পড়ুন: ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বিমান চলাচল, শিক্ষা কার্যক্রম স্থগিত
অন্যদিকে, পশ্চিমবঙ্গে বিজেপির নেতৃত্বে প্রথম সরকার গঠনের পর নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপিবিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তবে মমতার এই আহ্বান প্রত্যাখ্যান করেছে সিপিআইএম ও কংগ্রেস। সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম বলেন, অপরাধ, দুর্নীতি ও সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে যুক্ত কোনো শক্তিকে গ্রহণ করা হবে না।





