জ্বালানি খাতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত সমঝোতা স্মারক স্বাক্ষর
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সকালে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারকে যুক্তরাষ্ট্রের পক্ষে স্বাক্ষর করেন দেশটির জ্বালানি সচিব ক্রিস রাইট এবং বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
আরও পড়ুন: নেপাল-তিব্বত সীমান্তে নতুন করে উপচে পড়ল হ্রদ, প্রাণে বাঁচতে ফের ছুটছে মানুষ
স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সমঝোতা স্মারক বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সম্পর্কের ক্ষেত্রে নতুন মাইলফলক হিসেবে কাজ করবে। তিনি এ উদ্যোগে সমর্থনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে ধন্যবাদ জানান।
অন্যদিকে মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট এ সমঝোতাকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে “ঐতিহাসিক অগ্রগতি” হিসেবে উল্লেখ করেন।
আরও পড়ুন: নেপালে মানবিক বিপর্যয়: বন্যায় ভেসে গেছে মরদেহ, মর্গেও জায়গা নেই
অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও মার্কিন জ্বালানি দপ্তরের উচ্চপদস্থ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তার মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা জোরদার এবং জ্বালানির উৎস বহুমুখীকরণের সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।
চুক্তির আওতায় দুই দেশ তেল, গ্যাস, ভূতাপীয় শক্তি ও জৈবশক্তি খাতে গবেষণা, জ্ঞান ও প্রযুক্তি বিনিময় এবং সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করবে। পাশাপাশি বাংলাদেশকে সাশ্রয়ী মূল্যে মার্কিন এলএনজি, এলপিজি ও অন্যান্য জ্বালানি পণ্য আমদানিতে সহায়তা করা হবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এ উদ্যোগ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।





