হরমুজ প্রণালি ইস্যুতে মার্কিন প্রস্তাবের কড়া সমালোচনা চীনের
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও বাহরাইনের যৌথ উদ্যোগে উত্থাপিত খসড়া প্রস্তাবের তীব্র সমালোচনা করেছে চীন। জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী রাষ্ট্রদূত ফু চং প্রস্তাবটির বিষয়বস্তু ও সময় নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে একে ‘সম্পূর্ণ অনুপযুক্ত’ বলে মন্তব্য করেছেন।
ফু চং বলেন, বর্তমান পরিস্থিতিতে এ ধরনের কোনো প্রস্তাব পাস করা সংকট সমাধানে সহায়ক হবে না। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে ভোটাভুটিতে উঠলে চীন ও রাশিয়া যৌথভাবে ভেটো দিতে পারে।
আরও পড়ুন: পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৮ সেনাসদস্য নিহত
মার্কিন-বাহরাইনি খসড়া প্রস্তাবে ইরানের প্রতি হরমুজ প্রণালিতে সব ধরনের সামরিক হামলা ও মাইন স্থাপন বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। তবে কূটনীতিকদের মতে, প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন পাওয়ার সম্ভাবনা খুবই কম।
এর আগে গত মাসেও প্রায় একই ধরনের একটি মার্কিন সমর্থিত প্রস্তাবের বিরুদ্ধে চীন ও রাশিয়া ভেটো প্রয়োগ করেছিল। সে সময় দুই দেশই অভিযোগ তোলে যে, প্রস্তাবের ভাষা একপেশে এবং তা শুধুমাত্র ইরানের ওপর দায় চাপানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
আরও পড়ুন: তিনদিনের চীন সফর শেষে দেশে ফিরছেন ট্রাম্প
জাতিসংঘভিত্তিক সংবাদমাধ্যম ‘পাসব্লু’ প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে ফু চং বলেন, “আমরা মনে করি না যে এই প্রস্তাবের বিষয়বস্তু সঠিক। এমনকি এর জন্য নির্বাচিত সময়টিও মোটেও উপযুক্ত নয়।”
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে নিষেধাজ্ঞা বা নিন্দা প্রস্তাবের পরিবর্তে সংশ্লিষ্ট পক্ষগুলোকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা জরুরি।
চীনা রাষ্ট্রদূতের মতে, আন্তর্জাতিক সম্প্রদায়ের এখন মূল দায়িত্ব হওয়া উচিত উভয় পক্ষকে আন্তরিক ও গভীর কূটনৈতিক আলোচনায় বসতে উৎসাহিত করা, যাতে সংকটের স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান সম্ভব হয়।
তিনি সতর্ক করে বলেন, “এই জটিল মুহূর্তে নিরাপত্তা পরিষদে কোনো জোড়াতালির প্রস্তাব পাস করা পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে।”
বিশ্লেষকদের মতে, চীনের এই কঠোর অবস্থানের ফলে মধ্যপ্রাচ্যের সামুদ্রিক নিরাপত্তা ও ভূ-রাজনীতি নিয়ে জাতিসংঘে পরাশক্তিগুলোর দ্বন্দ্ব আরও তীব্র হয়ে উঠছে।





