বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পেলেন মন্ত্রীর মর্যাদা
বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রিসভার মন্ত্রীর সমতুল্য মর্যাদা প্রদান করেছে ভারত সরকার। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (জননিরাপত্তা বিভাগ) এক অফিস স্মারকে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার (২৪ জুন) জারি করা ওই স্মারকে বলা হয়, আনুষ্ঠানিকভাবে অগ্রাধিকার সারণী (টেবিল অব প্রেসিডেন্স) সংশোধন না করেই বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীর সমতুল্য মর্যাদা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫ সমঝোতা স্মারক সই হবে
স্মারকে আরও উল্লেখ করা হয়, এই মর্যাদা শুধুমাত্র আনুষ্ঠানিক কার্যাবলীর ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং এটি অগ্রাধিকার সারণীর স্থায়ী সংশোধন হিসেবে বিবেচিত হবে না। বিজ্ঞপ্তিতে ভারতের সরকারের সচিব কমলেশ রবিদাসের নাম উল্লেখ রয়েছে।
দীনেশ ত্রিবেদী ভারতের পশ্চিমবঙ্গের ব্যারাকপুর আসনের সাবেক সংসদ সদস্য এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা। তিনি দুই দফায় ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন: প্রায় ২ বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত
নতুন দায়িত্ব গ্রহণের জন্য গত ৫ জুন তিনি বাংলাদেশে আসেন। পরে বৃহস্পতিবার বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে পরিচয়পত্র পেশ করেন।
দীনেশ ত্রিবেদী বাংলা ভাষায় কথা বলতে পারেন। পাশাপাশি দুই বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে তার ভালো ধারণা রয়েছে। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি তিনি একজন সেতারবাদক হিসেবেও পরিচিত।





