চুক্তিতে আগ্রহী
খামেনির দাফনে ইরানকে ‘এক সপ্তাহের ছুটি’ দিলেন ট্রাম্প
ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান উপলক্ষে দেশটির ইসলামি প্রজাতন্ত্রী সরকারকে ‘এক সপ্তাহের ছুটি’ দিয়েছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে ইরান এখন ‘মুখিয়ে আছে’।
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার (৩ জুলাই) সাউথ ডাকোটার মাউন্ট রাশমোর জাতীয় স্মৃতিসৌধে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প এসব কথা বলেন।
আরও পড়ুন: ইউরোপে তাপপ্রবাহে ৩ দেশে প্রাণ গেল ৩ হাজার ৭০০ জনের
তিনি বলেন, “আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলেছি। আমরা দুটি বিশ্বযুদ্ধ দেখেছি, শীতল যুদ্ধে জয়ী হয়েছি এবং আমাদের শত্রুদের ইতিহাসের গভীরে নিক্ষেপ করেছি।”
ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, “আমরা ইরানের দফারফা করেছি। তারা এখন একটি মীমাংসার জন্য মুখিয়ে আছে, মনেপ্রাণে একটি চুক্তি চায়। আমরা তাদের জানাজা ও শোক পালনের জন্য এক সপ্তাহের ছুটি দিয়েছি, কারণ আমরা উদার।”
আরও পড়ুন: খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে লাখো মানুষের অপেক্ষা
ভাষণে যুক্তরাষ্ট্রকে বিশ্বের সবচেয়ে পুরোনো গণতান্ত্রিক প্রজাতন্ত্র উল্লেখ করে ট্রাম্প বলেন, “আমরা বিশ্বের সবচেয়ে স্বাধীন মানুষ। যুক্তরাষ্ট্রের সংবিধান বিশ্বের সবচেয়ে ন্যায়নিষ্ঠ ও সহনশীল সংবিধান।”
উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে বিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই অভিযানের প্রথম দিনই রাজধানী তেহরানে হামলায় নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও নিহত হন এবং তার ছেলে আয়াতুল্লাহ মোজতবা খামেনি গুরুতর আহত হন।
খামেনির মৃত্যুর পর তার মরদেহ সংরক্ষণ করা হয়। পরে দাফনের সিদ্ধান্ত নিয়ে ৪ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত ছয় দিনের রাষ্ট্রীয় শোক ও দাফন কর্মসূচি ঘোষণা করেছে ইরান।





