খামেনির শেষ বিদায়ে সৌদি আরবের কোনো প্রতিনিধি নেই
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ে বিশ্বের বিভিন্ন দেশ প্রতিনিধি পাঠালেও সৌদি আরব থেকে কোনো প্রতিনিধি অংশ নেননি। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ দেশও শেষকৃত্যে প্রতিনিধি পাঠায়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
শুক্রবার (৩ জুলাই) আনুষ্ঠানিকভাবে আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়ের কর্মসূচি শুরু হয়েছে। সপ্তাহব্যাপী এই আয়োজনের প্রথম দিনে বিদেশি প্রতিনিধিদের শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ রাখা হয়। শনিবার থেকে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কফিন উন্মুক্ত স্থানে নেওয়া হবে।
আরও পড়ুন: পাকিস্তানে খাদে বাস পড়ে নিহত অন্তত ৪০, আহত ৮
সংবাদমাধ্যম হাউজ অব সৌদ-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১৪ মাস আগে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হলে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী তার জানাজায় অংশ নিয়েছিলেন। তবে খামেনির মৃত্যুর পর শুক্রবার পর্যন্ত সৌদি আরব কোনো প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নেয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়, উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশ—সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও বাহরাইনও খামেনির শেষ বিদায়ে কোনো প্রতিনিধি পাঠায়নি।
আরও পড়ুন: তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান পাল্টা প্রতিক্রিয়ায় উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে থাকা মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। ওই হামলার দিনই আয়াতুল্লাহ আলি খামেনি পরিবারের কয়েকজন সদস্যসহ নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, গালফ অঞ্চলের দেশগুলো এখন পর্যন্ত খামেনির মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করেনি। প্রতিবেদনে দাবি করা হয়েছে, এর মাধ্যমে দেশগুলো সম্ভাব্য নতুন নেতৃত্বের বিষয়ে কোনো অবস্থান প্রকাশ থেকে বিরত রয়েছে।
সূত্র: হাউজ অব সৌদ





