কুয়েতে দুই মার্কিন ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা ইরানের

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ন, ১৯ জুলাই ২০২৬ | আপডেট: ৮:৪৩ অপরাহ্ন, ১৯ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের সেনাবাহিনী কুয়েতে অবস্থিত দুটি মার্কিন সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালানোর দাবি করেছে। সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ জানায়, হামলায় ক্যাম্প আল-আদিরি ঘাঁটির গোলাবারুদ গুদাম এবং আলি আল-সালেম বিমানঘাঁটির সামরিক সরঞ্জাম ও সেনা সদস্যদের আশ্রয়স্থল লক্ষ্যবস্তু করা হয়েছে।

এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, বেসামরিক এলাকায় হামলা এবং আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়েছে।

আরও পড়ুন: সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে যুক্তরাষ্ট্রের খসড়া চুক্তি

বিবৃতিতে আরও বলা হয়, এই যুদ্ধ ইরানের “হাজার বছরের ইতিহাস, জাতীয় পরিচয় ও স্বাধীনতা রক্ষার লড়াই”। ইসলামি শিক্ষার আলোকে ইরানি জনগণ কাউকে নিপীড়ন করে না এবং নিজেরাও নিপীড়ন মেনে নেয় না বলেও দাবি করা হয়।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে দেশটির শীর্ষ সামরিক কমান্ডার মেজর জেনারেল আলি আবদুল্লাহি বলেছেন, যেকোনও আগ্রাসনের জবাবে ‘ধ্বংসাত্মক ও চূড়ান্ত’ প্রতিক্রিয়া জানাবে ইরানের সশস্ত্র বাহিনী।

আরও পড়ুন: মার্কিন ভিসা আবেদনকারীদের নতুন সতর্কবার্তা

সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, তাদের ‘ধ্বংসাত্মক ড্রোন’ কুয়েতের ক্যাম্প আল আদিরিতে থাকা একটি গোলাবারুদ গুদাম এবং আলি আল-সালেম বিমানঘাঁটির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও আকাশ প্রতিরক্ষা রাডারে আঘাত হেনেছে।

ইরানের সেনাবাহিনী আরও জানায়, দেশের জনগণকে রক্ষা করতে তাদের সদস্যরা দৃঢ়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং তারা “ইরান ও মানবতার শত্রুদের” বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে।

এর আগে রোববার (১৩ জুলাই) ইরান একই দুটি মার্কিন ঘাঁটিতে ১৬তম দফার পাল্টা হামলা চালানোর দাবি করেছিল। তখনও গোলাবারুদ গুদাম ও রাডার স্থাপনাকে লক্ষ্য করে হামলার কথা জানানো হয়েছিল।

তবে সর্বশেষ হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র বা কুয়েতের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করা হয়নি।

সূত্র: মেহের নিউজ, আল-জাজিরা