ইরানের বন্দর অবরোধ নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি তেহরানের

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২:০৫ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬ | আপডেট: ২:০৫ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অব্যাহত নৌ অবরোধের অভিযোগ তুলে ওয়াশিংটনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা মহসেন রেজাই। সোমবার (৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মহসেন রেজাই দাবি করেন, অবরোধ অব্যাহত থাকলে মার্কিন জাহাজ ও সামরিক বাহিনী গুরুতর ঝুঁকি এবং প্রাণহানির মুখোমুখি হতে পারে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রকে তাদের বর্তমান আচরণ পরিবর্তন করতে হবে, অন্যথায় ইরান এ পরিস্থিতি মেনে নেবে না। একই সঙ্গে তিনি দাবি করেন, হরমুজ প্রণালীতে দ্বিতীয় কোনো করিডোর খোলার অনুমতি তেহরান কখনোই দেবে না।

আরও পড়ুন: হাসিনার কর্মকাণ্ডে বাংলাদেশ-ভারত সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে: ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির

প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে গত জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক ভেঙে যাওয়ার পর জুলাই মাসে ইরানের বন্দরগুলোতে পুনরায় অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র।

এদিকে মার্কিন সামরিক বাহিনীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, অবরোধ কার্যকর হওয়ার পর থেকে তারা অন্তত ৪৪টি জাহাজের গতিপথ পরিবর্তন করেছে, দুটি জাহাজ বিকল করেছে এবং আরও দুটি জাহাজে তল্লাশি চালিয়েছে।

আরও পড়ুন: সুদানের উত্তর দারফুরে গ্রামীণ আদালতে ড্রোন হামলা, নিহত অন্তত ৩৫

তবে ইরানের অভিযোগ ও মহসেন রেজাইয়ের বক্তব্যের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।