শেখ হাসিনার বক্তব্যকে সমর্থন করে না ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশের আপত্তির পর গত ৫ আগস্ট মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। নয়াদিল্লি জানিয়েছে, ওই প্রেস ব্রিফিংয়ের আয়োজন বা পরিচালনার সঙ্গে ভারত সরকারের কোনো সংশ্লিষ্টতা ছিল না এবং সেখানে দেওয়া বক্তব্যকেও তারা সমর্থন করে না।
শুক্রবার (৮ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্নের জবাব দেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
আরও পড়ুন: বাংলাদেশি সাংবাদিকদের জন্য ভারতে ফ্রি প্রশিক্ষণের সুযোগ
তিনি বলেন, একটি বেসরকারি সংবাদমাধ্যম আয়োজিত ওই প্রেস ব্রিফিংয়ে ভারত সরকারের কোনো ভূমিকা বা সংশ্লিষ্টতা ছিল না। বিষয়টি তিনি পুনর্ব্যক্ত করে বলেন, এটি সম্পূর্ণভাবে একটি বেসরকারি উদ্যোগ।
রণধীর জয়সওয়াল আরও বলেন, প্রেস ব্রিফিংয়ে শেখ হাসিনা বা অন্য বক্তারা যে বক্তব্য দিয়েছেন, তার কোনো অংশকেই ভারত সরকার সমর্থন করে না। বিশেষ করে বাংলাদেশের বৈধভাবে গঠিত সরকার সম্পর্কে করা মন্তব্যের সঙ্গে ভারতের কোনো অবস্থানগত মিল নেই বলেও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়াম
এদিকে একই প্রেস ব্রিফিংয়ে শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ মন্তব্য করেন, ভারতের পূর্বাঞ্চলীয় প্রতিবেশী বাংলাদেশ পাকিস্তানের মতো পরিস্থিতির দিকে যাচ্ছে এবং সেখানে সন্ত্রাসবাদ বিস্তার লাভ করছে।
এ বিষয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারত তার প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতির ওপর, বিশেষ করে জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। প্রয়োজন অনুযায়ী সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে থাকে বলেও তিনি জানান।





