ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে বিধ্বংসী’ অর্থনৈতিক অভিযান ঘোষণা ট্রাম্পের

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:২৫ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬ | আপডেট: ৮:৩৩ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে কঠোর ও বিধ্বংসী অর্থনৈতিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানকে কোনো ধরনের সহযোগিতা করলে বিশ্বের যেকোনো দেশকে কঠোর অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেছেন তিনি।

বুধবার (১৯ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন ট্রাম্প।

আরও পড়ুন: ইসলামাবাদে রেড অ্যালার্ট, জারি ১৪৪ ধারা

পোস্টে ট্রাম্প দাবি করেন, ইসলামি প্রজাতন্ত্রী ইরানকে চুক্তিতে আসার জন্য তার প্রশাসন অন্য যেকোনো সময়ের তুলনায় বেশি সুযোগ ও ছাড় দিয়েছে। কিন্তু তেহরান চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে ঘোষিত এই অভিযান এতটাই ব্যাপক হবে যে এর আগে কোনো দেশের বিরুদ্ধে এমন অর্থনৈতিক অভিযান চালানো হয়নি। এর ফলে ইরান আন্তর্জাতিক অঙ্গন থেকে নজিরবিহীনভাবে বিচ্ছিন্ন হয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট ও গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ সুপ্রিম কোর্টের

এ সময় ইরানকে সহযোগিতা করা অন্যান্য দেশগুলোকেও সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট। তার ভাষ্য অনুযায়ী, কোনো দেশের অর্থনৈতিক প্রতিষ্ঠান, বাণিজ্যিক কার্যক্রম, বিমানবন্দর কিংবা সরকারি প্রতিষ্ঠান ইরানকে সহযোগিতা করলে ওই দেশকেও গুরুতর অর্থনৈতিক পরিণতির মুখে পড়তে হবে।

ইরানের সঙ্গে তেল চোরাচালান, পণ্য বিনিময় ব্যবস্থা, নগদ অর্থ স্থানান্তর, মুদ্রা বিনিময় কেন্দ্র, জাহাজ নিবন্ধন এবং ভুয়া কোম্পানির মাধ্যমে পরিচালিত কার্যক্রম বন্ধ করার কথাও বলেছেন ট্রাম্প।

তিনি বলেন, এসব ব্যবস্থার মাধ্যমে ইরানকে সহযোগিতা করার সুযোগ আর রাখা হবে না এবং নতুন অর্থনৈতিক অভিযানের আওতায় এসব কার্যক্রম বন্ধ করতে হবে।