বেলুচিস্তানে ৭১ ‘সন্ত্রাসী’ নিহতের দাবি পাকিস্তানের

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:৫১ পূর্বাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:৪০ পূর্বাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে গত ৯৬ ঘণ্টায় পরিচালিত বিভিন্ন নিরাপত্তা অভিযানে ৭১ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। পাকিস্তানের দাবি, নিহতরা আফগানিস্তান ও ভারতের কাছ থেকে সমর্থন ও পৃষ্ঠপোষকতা পেয়ে আসছিল।

এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী জানায়, এসব অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে। তবে পাকিস্তানের এই অভিযোগের বিষয়ে এখনো ভারত ও আফগানিস্তানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: বিশ্ববাজারে তেলের দাম ১০৫ ডলার ছাড়াল

এদিকে আফগানিস্তান জানিয়েছে, দেশটির নুরিস্তান প্রদেশের পূর্বাঞ্চলে পাকিস্তান থেকে প্রবেশ করা সন্দেহভাজন আইএস সদস্যদের বিরুদ্ধে অভিযানে ২৮ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছে। তবে পাকিস্তান আফগানিস্তানের এই দাবি নাকচ করে এটিকে ভিত্তিহীন ও অসত্য বলে অভিহিত করেছে।

পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নুরিস্তান বা আফগানিস্তানের অন্য কোনো এলাকায় সংঘটিত অভ্যন্তরীণ সংঘর্ষে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বা গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে ইসলামাবাদ। সাবেক আফগান নিরাপত্তাকর্মীদের নিয়োগ বা প্রশিক্ষণ দেওয়া কিংবা আইএস বা অন্য কোনো সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা করার অভিযোগও অস্বীকার করেছে পাকিস্তান।

আরও পড়ুন: মার্কিন হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি আরাঘচির

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার জন্য পাকিস্তান ভারত ও আফগানিস্তানকে সশস্ত্র গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতার অভিযোগ করে আসছে। তবে ভারত ও আফগানিস্তান উভয় দেশই পাকিস্তানের অভিযোগ অস্বীকার করেছে।

ইসলামাবাদ দীর্ঘদিন ধরে আফগানিস্তানের তালেবান সরকারের কাছে তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে আসছে। পাকিস্তানের অভিযোগ, আফগান ভূখণ্ড ব্যবহার করে এই গোষ্ঠীটি পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালানোর অনুমতি দেওয়া হয় না।

মার্কিন নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তান থেকে প্রত্যাহারের পর এবং তালেবান ক্ষমতায় ফেরার পর দেশটির সঙ্গে সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সন্ত্রাসী হামলা বেড়েছে। এসব হামলার বড় অংশের জন্য তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে দায়ী করা হয়।

চলতি মাসের শুরুতে খাইবার পাখতুনখাওয়ার কোহাটে একটি পুলিশ সদর দপ্তরে বিস্ফোরণ ও বন্দুক হামলায় অন্তত ৩১ জন নিহত হন। নিহতদের মধ্যে ১৬ জন পুলিশ সদস্য ছিলেন।

এর আগে বৃহস্পতিবার আফগানিস্তানের ভূখণ্ড থেকে উড়ে আসা ড্রোন শনাক্ত ও নিষ্ক্রিয় করার পর আফগানিস্তানের ১০টি স্থানে বিমান ও ড্রোন হামলা চালায় পাকিস্তান। ইসলামাবাদ এসব হামলাকে পরিকল্পিত, নির্ভুল ও সীমিত অভিযান হিসেবে বর্ণনা করে জানায়, হামলা শুধু চিহ্নিত সামরিক স্থাপনাগুলোতেই চালানো হয়েছে, যেগুলো পাকিস্তানের ভাষ্য অনুযায়ী দেশটির ওপর হামলার চেষ্টার সঙ্গে সরাসরি জড়িত ছিল।

পাকিস্তান আফগান তালেবান সরকারের প্রতি পাকিস্তানের বিরুদ্ধে বৈরী তৎপরতা বন্ধ এবং আফগান ভূখণ্ডে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর ও যাচাইযোগ্য দীর্ঘমেয়াদি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।


সূত্র: টিআরটি ওয়ার্ল্ড