হরমুজে তেলবাহী ট্যাংকারে আগুন
ইরান ঘিরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির তিনটি বিমানবাহী রণতরী ও দুটি ল্যান্ডিং গ্রুপ ইরানের আশপাশের এলাকায় মোতায়েনের প্রস্তুতি চলছে। এর মধ্যেই হরমুজ প্রণালিতে ২৫ লাখ ব্যারেল তেল বহনকারী একটি সুপারট্যাংকার অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে।
আলজাজিরাকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইউএসএস থিওডোর রুজভেল্টের নেতৃত্বাধীন স্ট্রাইক গ্রুপ এবং ইউএসএস মাকিন আইল্যান্ডের নেতৃত্বাধীন একটি ল্যান্ডিং ফোর্স যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো থেকে ইতোমধ্যে যাত্রা শুরু করেছে। মাকিন আইল্যান্ডের সঙ্গে প্রায় দুই হাজার মেরিন সেনা রয়েছে।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ভূরাজনীতিতে নতুন সমীকরণ
মার্কিন কর্মকর্তার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের এই সামরিক সমাবেশ নভেম্বরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। নৌবহরের জাহাজ ও মেরিন সেনাদের যুক্ত করে ইরানের আশপাশের এলাকায় নতুন করে প্রায় ১০ হাজার নৌসেনা মোতায়েন হতে পারে।
অন্যদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি সুপারট্যাংকার অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। জাহাজটিতে প্রায় ২৫ লাখ ব্যারেল তেল ছিল। আঘাতের পর এতে আগুন ধরে যায়।
আরও পড়ুন: মক্কার পর এবার মদিনার বিদ্যুৎ কেন্দ্রে হামলা হুথিদের
তবে জাহাজটিতে আঘাতকারী প্রজেক্টাইলের উৎস বা হামলার সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
এদিকে যুদ্ধবিরতি পুনরুজ্জীবিত করার বিষয়ে ইরানের সর্বশেষ প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্র কী বলেছে, তা পর্যালোচনা করছে তেহরান। এমন পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের পথ থেকে তার দেশ সরে যাবে না।
তাসনিমের প্রতিবেদনে পেজেশকিয়ানের বক্তব্য তুলে ধরে বলা হয়েছে, ইরান কখনো আলোচনার পথ থেকে পিছিয়ে যায়নি এবং ভবিষ্যতেও যাবে না। তার দাবি, একটি চুক্তি স্বাক্ষরের পরও যুক্তরাষ্ট্র ইরানের ওপর তিনবার হামলা চালিয়েছে।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন, পরিস্থিতি দ্রুত একটি সিদ্ধান্তের দিকে এগোচ্ছে। ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, একদিকে ইরানকে ধ্বংস করার পদক্ষেপ নেওয়া হতে পারে, অন্যদিকে কোনো একটি চুক্তিও হতে পারে। তার ভাষায়, যেকোনোভাবে বিষয়টির দ্রুত সমাধান হতে যাচ্ছে।





